প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪ ২২:১০ পিএম
আপডেট : ২১ এপ্রিল ২০২৪ ২২:২২ পিএম
দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ১৬০ উপজেলায় তিন পদে ২ হাজার ৫৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৭৩০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭৬৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫৬২ জন।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন রবিবার (২১ এপ্রিল) নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের এ তথ্য জানান।
২১ মে এ ধাপের নির্বাচনের ভোটগ্রহণ হবে। মনোনয়নপত্র বাছাই ২৩ এপ্রিল। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে ২৪ থেকে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিলের মধ্যে। মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ৩০ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২ মে।
প্রতিদিনের বাংলাদেশের স্থানীয় প্রতিবেদকদের থেকে পাওয়া তথ্য অনুসারে মনোনয়নপত্র দাখিলকারীরা কিছু ব্যতিক্রম ছাড়া প্রায় সবাই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী।
প্রথম ধাপে ১৫০ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ১ হাজার ৮৯০ জন। তাদের মধ্যে বাছাইয়ে বাতিল হয় ১০৪ জনের মনোনয়ন। বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৮৬ জনে।
প্রথম ধাপের আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল, আর ভোটগ্রহণ হবে ৮ মে।
এই ধাপের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নিয়োগ করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদন নিষ্পত্তি করবেন আপিল কর্তৃপক্ষ হিসেবে জেলা প্রশাসক।
আন্তঃমন্ত্রণালয় সভা মঙ্গলবার
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে মঙ্গলবার আন্তঃমন্ত্রণালয় সভা ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন সচিবালয়ের উপসচিব মো. আতিয়ার রহমান ইতোমধ্যে সংশ্লিষ্টদের এ-সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন। এদিন বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।