গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৪ ১৪:০২ পিএম
আপডেট : ২৬ মার্চ ২০২৪ ১৪:২০ পিএম
কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বর্তমান বন্দির সংখ্যা প্রায় ৭ হাজার। ছবি : সংগৃহীত
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১, ২ ও মহিলা কেন্দ্রীয় কারাগারে প্রায় ৭ হাজার বন্দির জন্য বিশেষ সেহেরি ও ইফতারের আয়োজন করা হয়েছে। মহিলা কারাগারে বন্দিদের সঙ্গে থাকা শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতারও ব্যবস্থা করা হয়েছে।
জানা গেছে, কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে মোট বন্দি ২ হাজার ৩ শতাধিক। এর মধ্যে ফাঁসির আসামি ১ হাজার ৩০ জন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি ২৫০ জন।
এ কারাগারের জেল সুপার সুব্রত কুমার বালা জানান, বন্দিদের জন্য ইফতারে ছোলা, মুড়ি, পেঁয়াজু, জিলাপি, ডিম, খেজুর ও শরবত দেওয়া হবে। ইফতারের পর সন্ধ্যায় দেওয়া হবে পোলাও, মাংস, মিষ্টি ও সালাদ। সেহরিতে দেওয়া হবে সাদা ভাত, রুই মাছ, মুড়িঘণ্ট ও ডিম।
কারাগার ১-এর জেল সুপার শাহজাহান আহমেদের তথ্যমতে, এ কারাগারে মোট বন্দি ১ হাজার ৩৬৮ জন। এর মধ্যে ফাঁসির আসামি ১০৩ জন, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ১৬৬ জন।
এ কারাগারে বন্দিদের মঙ্গলবার ইফতারে ছোলা, পেয়াজু, কলা, খেজুর, মুড়ি ও ডিম দেওয়া হবে। রাতের খাবারের জন্য পোলাও, মাংস, সালাদ, মিষ্টি রাখা হয়েছে। সেহরিতে সাদা ভাত, আলুর দম, মাছ খাওয়ানো হবে।
জেল সুপার শাহজাহান আহমেদ কাশিমপুর কেন্দ্রীয় মহিলা করাগারের ভারপ্রাপ্ত জেল সুপারেরও দায়িত্ব রয়েছে। তার তথ্যমতে, মহিলা করাগারে মোট বন্দির সংখ্যা ৫৬২ জন। এর মধ্যে ফাসির আসামি ৩২ জন, যাবজ্জীবন ২৭ জন।
এ কারাগারে বন্দিদের সঙ্গে থাকা ৫৪ শিশুর জন্য স্বাধীনতা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। নারী কয়েদিদের জন্য ইফতার ও সেহরিতে কারাগারে ১-এর একই ম্যেনু রাখা হয়েছে।
কাশিমপুর কারাগার ২-এর মোট বন্দি ২ হাজার ৮২৭ জন। এর মধ্যে ফাঁসির আসামি ১১৭ জন। যাবজ্জীবন ৬০০ জন। কারাগার ২-এর জেল সুপার আমিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কারাগার ২-এ ইফতারিতে ছোলা, মুড়ি পেঁয়াজু, শরবত, কলা ও জিলাপি দেওয়া হবে। রাতের খাবারে রাখা হয়েছে পোলাও, মাংস, সালাদ ও মিষ্টি। সেহেরিতে সাদা ভাত, আলুর দম, মাছ, ডিম ও সবজি রাখা হয়েছে।