প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২২ ১৩:১৭ পিএম
ডিক্যাব টক অনুষ্ঠানে কথা বলেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। ছবি: প্রবা
বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন কোন প্রক্রিয়ায় হবে তা সম্পূর্ণ সরকারের সিদ্ধান্ত। এ ব্যাপারে জাতিসংঘ হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।
তিনি জানান, বাংলাদেশের নির্বাচন নিয়ে জাতিসংঘের কোনো ম্যান্ডেট নেই, তাই এ ব্যাপারে সংস্থাটি কোনো সিদ্ধান্ত দেবে না।
মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জাতিসংঘ সব সময় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে উল্লেখ করে গোয়েন বলেন, জাতিসংঘের সাধারণ বা নিরাপত্তা পরিষদ থেকে যদি সিদ্ধান্ত না আসে তাহলে নির্বাচন নিয়ে আমাদের কিছু করা কঠিন।
তবে মানবাধিকার বিষয়ক হাইকমিশনার সম্প্রতি তার রিপোর্টে বাংলাদেশের ক্রমবর্ধমান রাজনৈতিক সহিংসতার বিষয়ে উদ্বিগ্ন উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের মানবাধিকার, রাজনৈতিক সহিংসতা ও পরিস্থিতির বিষয়ে আমরা সচেতন আছি। আমরা রাজনৈতিক সহিংসতা প্রতিরোধের চেষ্টায় কাজ করব। এছাড়া শান্তিপূর্ণ নির্বাচন ও সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের ব্যাপারে আলোচনা করা যেতে পারে। আলোচনার কোন বিকল্প নেই, সে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ হোক আর রাজনৈতিক সহিংসতার বিষয় হোক।
গোয়েন লুইস বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য অর্থ সংগ্রহ চ্যালেঞ্জিং হচ্ছে। রোহিঙ্গা প্রত্যাবাসন অগ্রাধিকার হওয়া উচিত। মিয়ানমারের জাতিসংঘ কর্মকর্তাদের সঙ্গেও আমি যোগাযোগ করছি। তাছাড়া রোহিঙ্গা সংকটের রাজনৈতিক সমাধান জরুরি। রোহিঙ্গাদের অবশ্যই সম্মান ও নিরাপদে ফিরে যেতে হবে। এ লক্ষ্যে জাতিসংঘ নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, জাতিসংঘ ও বাংলাদেশ একটি সহযোগিতার ডকুমেন্টস তৈরি করেছে, আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি। বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে তার সহযোগিতা অব্যাহত রেখেছে যা বিশ্বে শান্তি রক্ষায় বিশেষ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিক্যাব সভাপতি রেজাউল করিম লোটাস ও সাধারণ সম্পাদক একেএম মঈন উদ্দিন।