প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৩৪ পিএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৪৮ পিএম
ছবি : সংগৃহীত
সম্প্রতি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের বাংলাদেশ সফর নিয়ে যে আলোচনার জন্ম দিয়েছে– সে ব্যাপারে স্পষ্ট করেছে দেশটি। ভারত বলেছে, অজিত দোভালের সাম্প্রতিক বাংলাদেশ সফর ছিল দুই প্রতিবেশী দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের অংশ।
অজিত দোভাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন এবং তিনি নিজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা শেখ হাসিনাকে পৌঁছে দেন।
গতকাল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশ আমাদের অত্যন্ত কাছের প্রতিবেশী। সম্প্রতি দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে ঘনিষ্ঠ প্রতিবেশীর সঙ্গে উচ্চ পর্যায়ের সফর বিনিময় দেশগুলোর জন্য নিত্যনৈমিত্তিক বিষয়। সেই প্রেক্ষাপটেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এই সফর।’
গত মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) থেকে তিন দিনের ভারত সফরে আছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ওই দিন নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন হাছান মাহমুদ। ভারত সফরে অজিত দোভালের সঙ্গেও দেখা করেন তিনি।
দুই দেশ উন্নয়ন অংশীদারত্ব, প্রতিরক্ষা ও নিরাপত্তা নিয়ে কথা বলেছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
রণধীর জয়সওয়াল বলেন, ‘আমাদের সম্পর্কের আরও কয়েকটি দিক নিয়েও আমরা কথা বলেছি; অর্থনীতি, বাণিজ্য, জনগণ থেকে জনগণ; এ ছাড়াও, বিকশিত ভারত ২০৪৭ এবং বাংলাদেশ তাদের স্মার্ট বাংলাদেশ ২০৪১-এর পথে এগিয়ে যাওয়ার সময় উভয় দেশ কীভাবে তাদের প্রচেষ্টাগুলোকে একত্রিত করতে পারে সে সম্পর্কেও।’
শুক্রবার (৯ ফ্রেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ভারতের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন। একই দিন দেশটির বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে হাছান মাহমুদের। এরপর কলকাতায় কর্মসূচিতে অংশ নিয়ে শুক্রবার রাতেই ঢাকায় ফিরবেন তিনি।