প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪ ১৭:০৬ পিএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪ ১৯:৪৩ পিএম
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। সংগৃহীত ছবি
অপরিকল্পিত নগরায়ন কিংবা অপরিকল্পিত গ্রামীণ আবাসন- দুটোই বন্ধ হওয়া দরকার বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন।
সরকার বলেছে, গ্রাম আসলে শহর হয়ে যাবে। এখন গ্রাম ধ্বংস করে যদি নগরায়ন করা হয়, তখন সেটা কেমন হবে প্রশ্নে তিনি বলেন, ‘আমরা চেষ্টা করব, অচিরেই আপনারা দেখতে পাবেন- বন ও পরিবেশ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে আমরা বসব। আপনারা জানেন, গ্রাম এলাকায় এখন আর অপরিকল্পিত ঘর-বাড়ি করার নিয়ম নেই। একটা আইনও করা হয়েছে।’
এই আইনের যাতে প্রয়োজনীয় বিধান হয়, সেটা দেখব। প্রতিবছর এক শতাংশ হেক্টর জমি আমরা হারাই। এটা আমাদের জন্য স্বাস্থ্যকর কোনও পরিস্থিতি না। এটা বন্ধ করতে হবে। আমরা চেষ্টা করব’, যোগ করেন মন্ত্রী।
তিনি বলেন, ‘অপরিকল্পিত কাজ করতে গিয়ে আমরা খালগুলো ভরাট করে ফেলছি। পরিবেশ দূষণের চূড়ান্ত অবস্থায় আছি। আমরা খুব একটা ভালো অবস্থায় নেই। আমরা যাতে সুস্থ অবস্থায় আবার ফিরে আসতে পারি, সেই চেষ্টা করা হবে।’
এ সময়ে শৈশবের স্মৃতিচারণ করতে গিয়ে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বলেন, ‘ছোটবেলায় গ্রামে আমরা প্রচুর খাল ও নালা দেখেছি। নালাতে যে পানি আসে, সেই পানিতে সেচ দেওয়া হয়, সেটা দেখার সৌভাগ্য আপনাদের অনেকের হয়নি। কারণ আপনাদের আমলে এটা বন্ধ হয়ে গেছে। আমরা দেখেছি, কীভাবে সেচ করা হয়। সেই অবস্থাটা এখন নেই। তবে সেই অবস্থা ফিরিয়ে আনতে পারব; সেটা বলব না। তবে ভূ-উপরিভাগের পানি যাতে ব্যবহার করা হয় কৃষিকাজে, সেটার জন্য যা যা করা দরকার করব। অপরিকল্পিত নগরায়ন কিংবা অপরিকল্পিত গ্রামীণ আবাসন, যেটাই বলি না কেন; দুটো বন্ধ করা দরকার।’
যা-ই করা হোক না কেন আইন মেনেই করা হবে বলে জানিয়ে তিনি বলেন, ‘সরকারি কাজ আইন মেনে চলবে এটাই স্বাভাবিক। আমি আইনের ভেতরে থেকে যা যা করা দরকার, সবই করব। আইন, নিয়ম-নীতি ও বিধি-বিধানের লঙ্ঘন করা হবে না। আপনারা দেখেন, দেখতে থাকেন। হিন্দিতে যেটাকে বলে ‘দেখতে যাইয়ে’। আমি কতটা আইন মানি, আপনারা দেখতে থাকেন।’