প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪ ২১:১১ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৪ ২২:০৬ পিএম
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের জরুরি সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রবা ফটো
কারসাজি করে পণ্যের দাম বৃদ্ধিকারীদের খুঁজে বের করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে ভরা মৌসুমে চালের দাম কেন বাড়ল তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
সরকারপ্রধান বলেন, যুদ্ধ-অর্থনৈতিক মন্দাসহ নানা কারণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেড়েছে। তবে মানুষের কষ্ট কমাতে তার সরকার কাজ করছে। অস্বাভাবিকভাবে ও দুরভিসন্ধি করে যারা পণ্য মজুদ করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে শাস্তির ব্যবস্থা করা হবে। প্রয়োজনে জেলে পাঠিয়ে দেওয়া হবে। ভরা মৌসুমে চালের দাম কমার কথা, কেন বাড়ল সেটাই প্রশ্ন। কেউ যদি অবৈধভাবে মজুদ করে থাকে, তাকে সাজা পেতে হবে। বাজার নিয়ে কেউ যেন কোনো খেলা খেলতে না পারে, সেজন্য দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
সোমবার (২২ জানুয়ারি) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের জরুরি সভার স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন। টানা চতুর্থবার সরকার গঠনের পর এটি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রথম বৈঠক। সূচনা বক্তব্যের পর দলের নেতাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শুরু করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এই বৈঠকে আসন্ন উপজেলা নির্বাচন নিয়ে আলোচনা হবে বলেও সূচনা বক্তব্যে আভাস দেন তিনি। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার আগেই গণভবনে যান আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যরা।
প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের একটা গোষ্ঠী অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে। কিন্তু আর কোনো দিন অস্বাভাবিক পরিস্থিতি হতে দেওয়া হবে না। অপশক্তিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে। খুঁজে বের করা হবে কারসাজি করে পণ্যের দাম বৃদ্ধিকারীদের।’
বিএনপির দিকে ইঙ্গিত করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘ভোট হতে দেবে না, ভোটার যেতে দেবে না- এমন হুমকির পর, নানা বাধা-বিপত্তির পরও জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করেছে। দল ক্ষমতায় থাকলেও নিরপেক্ষ নির্বাচন হতে পারে, সেটা এবার প্রমাণিত হয়েছে। আন্দোলনে ব্যর্থ হয়ে তারা এখন অন্য পথে হাঁটছে।’
বিএনপির শাসনামলে দেশের মানুষ অতিষ্ঠ ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘২০০৮ সালের নির্বাচনে তারা পেয়েছে মাত্র ৩০ আসন। এরপর থেকে তারা দেশজুড়ে সহিংসতা, অগ্নিসন্ত্রাস চালায়। নির্বাচন করবে না সেটা তাদের ব্যাপার। কিন্তু এ দেশের মানুষ নির্বাচন গ্রহণ করেছে। অথচ কিছু আঁতেল ভোট নিয়ে ধুম্রজাল তৈরির চেষ্টা করছে।’