প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪ ০০:৪৫ এএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৪ ১১:০৮ এএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সংগৃহীত ছবি
উন্নত চিকিৎসার জন্য ফের সিঙ্গাপুর গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।
রবিবার (২১ জানুয়ারি) রাত ১২টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। ড. মোশাররফের সঙ্গে তার স্ত্রী, দুই ছেলেসহ পরিবারের ১১ জন সদস্য রয়েছেন।
খন্দকার মোশাররফ হোসেনের প্রেস সচিব শাহ আখতারুজ্জামান এ তথ্য জানিয়ে বলেন, এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর যাচ্ছেন।
চিকিৎসার জন্য এর আগে ২৭ জুন সিঙ্গাপুরে যান খন্দকার মোশাররফ হোসেন। তখন পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, তার ব্রেনের বহির্ভাগে একটি ‘মেনেনজিওমা টিউমার’ ধরা পড়েছে। তার হার্টেও সমস্যা রয়েছে। এ অবস্থায় চিকিৎসকরা টিউমার অপসারণে অস্ত্রোপচার করা ঝুঁকিপূর্ণ মনে করছেন। সে জন্য সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে ভর্তি হয়ে মস্তিষ্কে রেডিওথেরাপি নেন তিনি।
টানা দুই মাস সিঙ্গাপুরে চিকিৎসা শেষে ৫ সেপ্টেম্বর দেশে ফেরেন ড. মোশাররফ। এরপর গুলশানের বাসাতেই অবস্থান করছিলেন। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ৫ ডিসেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।