প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪ ২২:৩১ পিএম
নির্বাচন কমিশন।
আগামী ৯ মার্চ দ্বিতীয়বারের মতো ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)। ভোট হবে ইভিএমএ। ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ২০১৮ সালের ১৪ অক্টোবর ময়মনসিংহ সিটি করপোরেশন গঠন করে ওই বছরের ১৬ অক্টোবর প্রশাসক নিয়োগ দেওয়া হয়। প্রথম নির্বাচন হয় ২০১৯ সালের ৬ মে। কিন্তু ভোট গ্রহণের আগেই ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ইকরামুল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচনে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর আহমেদ প্রার্থিতা প্রত্যাহার করে নিলে ইকরামুল একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন। ভোট গ্রহণ হয় ৩৩টি সাধারণ ওয়ার্ডের এবং ১১টি নারীদের সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদের জন্য। গতবারও ইভিএমএ ভোট গ্রহণ করা হয়েছিল।
রবিবার (২১ জানুয়ারি) ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ‘আগামী ৯ মার্চ ময়মনসিংহ সিটির ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কমিশন ওইভাবেই ফাইল অনুমোদন দিয়েছে। যেকোনো সময় আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হবে।’ ব্যালট নাকি ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে জানতে চাইলে তিনি বলেন, এই সিটিতে ইভএমের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ করা হবে।
৯ পৌরসভায় উপনির্বাচন
অশোক কুমার দেবনাথ আরো জানান, ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচন ছাড়াও ৯ মার্চ ৯টি পৌরসভা ও বেশ কয়েকটি ইউনিয়ন পরিষদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পৌরসভার মেয়র পদ ছেড়ে সংসদ সদস্য পদের প্রার্থী হয়েছিলেন চারজন। এরা হচ্ছেন মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান, রাজশাহীর তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ এবং বগুড়ার শিবগঞ্জ পৌরসভার মেয়র তৌহিদুর রহমান। তাদের ছেড়ে দেওয়া পদগুলোতে উপনির্বাচন করতে হবে। এছাড়া বকশীগঞ্জ, পটুয়াখালী, কাটাখালী, সাতক্ষীরা ও আমতলী পৌরসভায় উপনির্বাচন হবে। পৌরসভাগুলোতেও ইভিএমে ভোট গ্রহণ হবে।
উপজেলায় আর উপ-নির্বাচন নয়
উপজেলা পরিষদগুলোতে কমবেশি ৫০টির মতো পদ শূন্য থাকলেও উপনির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন, যেহেতু সামনেই সাধারণ নির্বাচন রয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যানদের মধ্যে প্রায় ৫০ জন পদত্যাগ করে অংশ নিয়েছিলেন। এদের মধ্যে কয়েকজন সংসদ সদস্য পদে নির্বাচিত হয়েছেন। এদিকে উপজেলার সাধারণ নির্বাচন সম্পর্কেও কমিশন সভার সিদ্ধান্ত হয়নি। দুইজন কমিশনারকে উপজেলা পরিষদ নির্বাচনের বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের পক্ষ থেকে এ বিষয়ে সবকিছু গোছানো হলে উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণা করবে কমিশন। অশোক কুমার দেবনাথ আগেই জানিয়েছিলেন, রোজার আগেই প্রথম ধাপের উপনির্বাচন সম্পন্ন করা হতে পারে।
কুমিল্লা সিটির মেয়র পদে উপনির্বাচন আসন্ন
২০২২ সালের ১৫ জুন অনুষ্ঠিত হয় কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন। কিন্তু সাড়ে তিন বছর মেয়াদ অপূর্ণ রেখেই গত ১৩ ডিসেম্বর মৃত্যু হয় মেয়র আরফানুল হক রিফাতের। তিনি বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক মেয়র মনিরুল হক সাক্কুকে ৩৪৩ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র হয়েছিলেন। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুসারে মেয়রের মৃত্যুর ৯০ দিনের মধ্যে উপনির্বাচন সম্পন্ন করতে হবে। কিন্তু এ সিটির উপ-নির্বাচন নিয়ে গতকাল পর্যন্ত কমিশন কোনো সিদ্ধান্তে আসেনি বলে জানিয়েছেন অশোক কুমার দেবনাথ। আইন অনুযায়ী আগামী ১১ মার্চের মধ্যে এই সিটিতে উপনির্বাচন সম্পন্ন করতে হবে।