দুই পররাষ্ট্রমন্ত্রী বৈঠক
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪ ২০:০৮ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৪ ২০:৪৫ পিএম
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর। প্রবা ফটো
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর। শনিবার (২০ জানুয়ারি) উগান্ডার কাম্পালায় অনুষ্ঠিত ১৯তম ন্যাম শীর্ষ সম্মেলন স্থলে সাইড লাইনে এই বৈঠক করেন তারা।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী হওয়ায় ড. হাছান মাহমুদকে অভিনন্দন জানান এস. জয়শঙ্কর। এ সময় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। একইসঙ্গে দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিতেও আলাপ করেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন নয়াদিল্লি সফর নিয়েও আলোচনা হয় বলে জানায় মন্ত্রণালয়।
পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ ১৯ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৯তম শীর্ষ সম্মেলন এবং ২১ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত জি-৭৭ ও চীনের তৃতীয় দক্ষিণ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ এ মুহিত এবং কেনিয়া ও উগান্ডায় বাংলাদেশের হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রয়েছেন।