পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে পিটার হাস
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪ ১৫:৩৬ পিএম
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪ ১৬:৩১ পিএম
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। প্রবা ফটো
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি নবগঠিত সরকারের সঙ্গে বৈঠক করেছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বুধবার (১৭ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে পিটার হাস বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক আরও এগিয়ে নিতে চান তারা। এজন্য দুদেশ আগামীতেও একসঙ্গে কাজ করবে।
মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, ‘নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আজ দেখা করার সুযোগ হয়েছে। ভবিষ্যতে আমাদের দুপক্ষের সম্পর্কের কার্যক্রম নিয়ে কথা বলেছি। দুপক্ষের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো কীভাবে এগিয়ে নেব তা নিয়ে আলোচনা করেছি।’
পিটার হাস বলেন, ‘দুপক্ষের মধ্যে ব্যবসা-বাণিজ্যসহ রোহিঙ্গা সংকটে একে অপরকে কীভাবে সহযোগিতা করতে পারি, সে বিষয়ে আলোচনা করেছি। আগামীতে আমাদের পারস্পরিক স্বার্থ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরও কাজ করব।’
৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ১০ জানুয়ারি সংসদ সদস্যরা শপথ নেন। ১১ জানুয়ারি মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ নেন। এর মাধ্যমে টানা চতুর্থ মেয়াদে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করেছে আওয়ামী লীগ।