ব্রিফিংয়ে ওবায়দুল কাদের
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪ ১৪:৩২ পিএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪ ১৭:৪১ পিএম
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। প্রবা ফাইল ফটো
চলতি বছরের মধ্যে দেশের প্রথম দ্রুতগতির উড়াল সড়ক ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ পুরোপুরি শেষ হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর বনানীতে সেতু ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এর আগে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন প্রকল্পের অগ্রগতির খোঁজখবর নেন মন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ ৫০ শতাংশ সম্পন্ন হয়েছে। বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত অংশে যান চলাচল শুরু হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত বাকি অংশের কাজ ২০২৪ সালের মধ্যেই শেষ করা হবে।
গত বছরের ২ আগস্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর এলাকার কাওলা থেকে ফার্মগেট অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন থেকে কাওলা থেকে তেজগাঁও অংশ পর্যন্ত যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। তেজগাঁও থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ীর কুতুবখালী পর্যন্ত উড়ালসড়কের বাকি অংশের কাজ শেষ হলে পুরোদমে গাড়ি চলাচল করবে দেশের প্রথম এই দ্রুত গতির উড়াল সড়কে।
পদ্মা সেতু প্রসঙ্গে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, পদ্মা সেতুতে দৈনিক ২ কোটি টাকা টোল আদায় হচ্ছে। সেতুতে যানবাহন থেকে এ পর্যন্ত টোল আদায় হয়েছে ১২৫২ কোটি টাকা। চলতি বছরে জুনের মধ্যেই গাজীপুরে বিআরটিএ প্রকল্পের কাজ সমাপ্ত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এ সময় রাজনীতি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতারা এখন মনের সুখের জন্য আবোল-তাবোল কথা বলছেন। দেশের সমৃদ্ধি নিয়ে কাউকে ঈর্ষা করা উচিত নয়। দেশের স্বার্থই আগে। যে সরকার উন্নয়ন করে তার প্রশংসা করা উচিত, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে সেটা হয় না।