× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উৎপাদন বৃদ্ধি ও সিন্ডিকেট নিয়ন্ত্রণে গুরুত্ব দেবেন কৃষিমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪ ২২:২৮ পিএম

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪ ২২:৩১ পিএম

ড. মো: আব্দুস শহীদ। ফাইল ফটো

ড. মো: আব্দুস শহীদ। ফাইল ফটো

ফসলের উৎপাদন বৃদ্ধি ও সিন্ডিকেট নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত কৃষিমন্ত্রী ড. মো: আব্দুস শহীদ। কৃষকদের উন্নতির জন্য সাধ্যের মধ্যে যা যা করা সম্ভব তা করা হবে বলেও জানান তিনি।

কৃষিমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার পর প্রথম দিন হিসাবে রবিবার (১৪ জানুয়ারি) সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘কৃষিতে তো উৎপাদনটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ। আমরা যদি উৎপাদন না করতে পারি তাহলে বাজার কীভাবে দখল করব, মূল্য কীভাবে নিয়ন্ত্রণ করব, কীভাবে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই চেইনকে কার্যকর করব। সেজন্য সকল সুযোগকে কাজে লাগিয়ে ফসলের উৎপাদন আরও বৃদ্ধি করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী প্রতি ইঞ্চি জমিকে আবাদের আওতায় আনতে কাজ করব।’

সিন্ডিকেট প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘সিন্ডিকেট সব জায়গায় থাকে। তাদের কীভাবে ক্র্যাশ করতে হবে, সেটার পদ্ধতি বের করতে হবে। আমাদের কাউকে গলা টিপে মারার সুযোগ নেই। কর্মের মাধ্যমে এগুলোকে কন্ট্রোল করতে হবে। সিন্ডিকেট নিয়ন্ত্রণে গুরুত্বারোপ করা হবে। সিন্ডিকেট অবশ্যই দুর্বল হয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার কৃষকবান্ধব সরকার। কৃষক ও কৃষির আরও উন্নতির জন্য যা প্রয়োজন, আমাদের ক্ষমতার মধ্যে যা আছে তা করব।’

ড. মো: আব্দুস শহীদ বলেন, ‘কৃষি একটি বড় মন্ত্রণালয়। এখানে কাজের পরিধিও বেশি। মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা, উদ্যোক্তারা সবাই মিলে যদি কাজ করি, এ শক্তি কিন্তু বড় শক্তি, এর রেজাল্টও পাব। কৃষিক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হব। কৃষকদের উন্নতির জন্য যা যা করা দরকার সাধ্যমত সব চেষ্টা করব।’

কৃষির প্রায় সব উপকরণ আমদানি নির্ভর, দেশে এসব উপকরণ উৎপাদনের কোনো পরিকল্পনা আছে কি না জানতে চাইলে কৃষিমন্ত্রী বলেন, ‘উপকরণের মধ্যে বীজ অন্যতম। আমাদের বেশকিছু বীজ সংরক্ষণাগার রয়েছে। এসবের রক্ষণাবেক্ষণ তদরকি করা হবে। প্রয়োজনে নতুন বীজ সংরক্ষণাগার গড়ে তোলা হবে। নতুন দায়িত্ব পেয়েছি। কী কী সীমাবদ্ধতা ও প্রয়োজন আছে তা জেনে-দেখে ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘এখানকার কর্মকর্তারা শিক্ষিত। তারা কৃষি নিয়ে দীর্ঘদিন যাবত কাজ করছেন। তাদের সঙ্গে কথা বলে মনে হয়েছে তারা খুব আবেগ দিয়ে কাজের কথা বলেছে। এটাই বড় বিষয়। এই আবেগকে কাজে লাগাতে হবে।’

কৃষকরা উৎপাদন করলেও ন্যায্য মূল কম পায়, এক্ষেত্রে কী ধরনের ব্যবস্থা নিবেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এক্ষেত্রে ডিমান্ড বাই চেইন একটি কথা আছে। প্রথমে দেখতে হবে আমার ডিমান্ড কত আছে। ডিমান্ড কম থাকলে বাজারে মূল্য কম হবে। আবার সাপ্লাই সঠিক না হলে ডিমান্ড যাই থাকুক ক্রেতারা লাভবান হবে না। এজন্য কৃষি বিপণন বিভাগকে বলব তারা খতিয়ে দেখবে কোন কোন জায়গায় সমস্যা আছে তা চিহ্নিত ও সমন্বয় করবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা