কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৪ ১৩:৩৭ পিএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৪ ১৫:২৯ পিএম
রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত
জাতিসংঘের তিন সংস্থার নির্বাহী বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন সংস্থাটিতে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত।
বুধবার (১০ জানুয়ারি) অনুষ্ঠিত ভোটাভুটিতে সর্বসম্মতিক্রমে তাকে নির্বাচিত করা হয়। ২০২৪ সালের জন্য জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ও জাতিসংঘ প্রকল্প সেবাগুলোর কার্যালয়ের (ইউএনওপিএস) নির্বাহী বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। এ ছাড়া কলম্বিয়া, জার্মানি, রোমানিয়া ও ইথিওপিয়ার রাষ্ট্রদূতরা সহসভাপতি নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১২ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০৩০ উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নে এ তিনটি সংস্থার সুনির্দিষ্ট ম্যান্ডেট রয়েছে। ইউএনডিপি মূলত দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়নে সদস্য দেশগুলোকে সহায়তা করে থাকে। ইউএনএফপিএ কাজ করে জনসংখ্যা ও পরিবার পরিকল্পনা বিষয়ে। আর শান্তি, উন্নয়ন ও মানবিক বিষয়াবলির প্রকল্পসংক্রান্ত চূড়ান্ত কাজগুলো সম্পাদন করে ইউএনওপিএস। সভাপতি হিসেবে বাংলাদেশ সংস্থাগুলোর এই গুরুত্বপূর্ণ ম্যান্ডেট বাস্তবায়নে উল্লেখযোগ্য অবদান রাখার সুযোগ পাবে। পাশাপাশি বাংলাদেশ বোর্ডের অন্যান্য সদস্য এবং এ তিনটি সংস্থার নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ পাবে। বিশ্বব্যাপী তাদের কার্যক্রমে কৌশলগত দিকনির্দেশনা প্রদান করতে পারবে।
রাষ্ট্রদূত মুহিত তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করার জন্য নির্বাহী বোর্ডের সদস্যদের অশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বিশ্বব্যাপী জনগণের ক্ষমতায়নে এবং তাদের উন্নয়নের আকাঙ্ক্ষা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য এ সংস্থাগুলোর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
তিনি বলেন, ‘বিভিন্ন মহামারি, চলমান মানবিক এবং জলবায়ু সংকটের কারণে জাতিসংঘের উন্নয়ন এজেন্ডা বাস্তবায়ন যেসব প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে, তা উত্তরণে ইউএনডিপি, ইউএনএফপিএ, ইউএনওপিএসকে আরও অধিকতর সমন্বিত চেষ্টা অব্যাহত রাখার প্রয়োজন হবে। আর তাদের এ প্রচেষ্টায় নির্বাহী বোর্ড সব ধরনের সহযোগিতা প্রদানে প্রস্তুত থাকবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ বহুপক্ষীয় ফোরামে ইতোমধ্যে একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ আসনে অধিষ্ঠিত হয়েছে। ফলে জাতিসংঘ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের সঙ্গে বাংলাদেশের যে সুদৃঢ় আস্থা ও বিশ্বাসের সম্পর্ক তৈরি হয়েছে, এ নির্বাচন তারই প্রতিফলন। তা ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে টেকসই উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ যে অনন্য সাফল্য অর্জন করেছে, তার প্রতি দৃঢ় স্বীকৃতিরও স্বাক্ষর বহন করে এ নির্বাচন।
২০২২ সালে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে যোগদানের পর থেকে রাষ্ট্রদূত মুহিত জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সভাপতি, ইউএন উইমেনের নির্বাহী বোর্ডের সভাপতি এবং ইউএনডিপি, ইউএনএফপিএ, ইউএনওপিএসের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।