প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪ ১৩:৪১ পিএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪ ১৩:৫২ পিএম
৯ জানুয়ারি সকাল ১০টায় সংসদ ভবনের শপথকক্ষে নবনির্বাচিত এমপিদের শপথ অনুষ্ঠিত হবে। ছবি : সংগৃহীত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী নতুন সংসদ সদস্যদের শপথগ্রহণ বুধবার (১০ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সকাল ১০টায় সংসদ ভবনের শপথকক্ষে তাদের শপথবাক্য পাঠ করাবেন।
মঙ্গলবার (৯ জানুয়ারি) চলতি একাদশ জাতীয় সংসদের চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এর আগে এমপিদের শপথগ্রহণ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) অনুষ্ঠিত হবে বলে জানিয়েছিল সংসদ সচিবালয়ের একটি সূত্র।
এদিকে আজ মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। সংবিধান অনুযায়ী গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে সংসদ সদস্যদের শপথ গ্রহণ করতে হয়।
রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ২৯৯ আসনে ভোটগ্রহণ শুরু হলেও শেষ মুহূর্তে একটিতে বাতিল করা হয়। ভোটগ্রহণ শেষে ২৯৮ আসনের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এতে আওয়ামী লীগ বিজয়ী হয় ২২২টি, স্বতন্ত্র ৬২টি, জাতীয় পার্টি ১১টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল একটি, ওয়ার্কার্স পার্টি একটি ও কল্যাণ পার্টি একটি আসনে।