বেসরকারি ফল
সাভার প্রতিবেদক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪ ০১:৫৯ এএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪ ১৯:৩১ পিএম
বিজয়ের পর কর্মীদের সঙ্গে সাইফুল ইসলাম। প্রবা ফটো
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে ঢাকা-১৯ আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম বিজয়ী হয়েছেন। আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এনামুর রহমান ভোট সংখ্যায় তৃতীয় হয়েছেন। রবিবার (৭ জানুয়ারি) ঢাকা জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাভার উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামকে বিজয়ী ঘোষণা করেন।
সাইফুল ইসলাম ২৯২টি কেন্দ্র থেকে ৮৪ হাজার ৪১২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের তৌহিদ জং মুরাদ পেয়েছেন ৭৬ হাজার ২০২ ভোট। আর নৌকা প্রতীকের এনামুর পেয়েছেন ৫৬ হাজার ৩৬১ ভোট।
নির্বাচিত সাইফুল ইসলাম আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। এ ছাড়া ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যানের পদ ছেড়ে তিনি সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে লড়েন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৌহিদ জং মুরাদ এই আসনের সাবেক সংসদ সদস্য।
রবিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ২৯৯ আসনে ব্যালট পেপারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হলেও দেশের বিভিন্ন জায়গায় প্রার্থীর সমর্থকদের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষের খবর পাওয়া গেছে। কিছু জায়গায় গোলাগুলির ঘটনা ঘটেছে। অনিয়ম প্রমাণিত হওয়ায় ভোট বাতিল করা হয়েছে কয়েকটি ভোটকেন্দ্রে। জাল ভোট দেওয়ার চেষ্টা করায় কয়েকজনকে গ্রেপ্তার, জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) হিসাবে সারা দিনে ভোট পড়েছে ৪০ শতাংশের মতো। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ভোটকেন্দ্রে যেতে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।