বেসরকারি ফল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪ ০০:১৫ এএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪ ০০:২৬ এএম
মৌলভীবাজার-১ আসন হতে বেসরকারিভাবে জয়ী হয়েছেন মো. শাহাব উদ্দিন। ছবি: সংগৃহীত
মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসন হতে বেসরকারিভাবে জয়ী হয়েছেন মো. শাহাব উদ্দিন। এ নিয়ে টানা চতুর্থবার এবং মোট পঞ্চমবারের মতো নির্বাচিত হলেন তিনি। এবার ১ লাখ ৩৬ হাজার ৩০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সাবেক এই পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী ।
শাহাব উদ্দিনের নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আহমেদ রিয়াজ উদ্দিন লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৯৮ ভোট। অপর স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) মোহাম্মদ ময়নুল ইসলাম পেয়েছেন ২ হাজার ৫২৫ ভোট। তৃণমূল বিএনপির প্রার্থী মো. আনোয়ার হোসেন সোনালী আঁশ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৫৩৭ ভোট।
মৌলভীবাজারের দুটি উপজেলা বড়লেখা ও জুড়ী নিয়ে গঠিত এই আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১১২ টি। এখানে মোট ভোটারের সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৪৬৮ জন। গড় ভোট পড়েছে ৪৬ দশমিক ২২ শতাংশ।
এদিকে, ২০০৮, ২০১৪, ২০১৮ সালের পর এবারও নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হলেন শাহাব উদ্দিন। এর পূর্বে ১৯৯৬ সালেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। শাহাব উদ্দিন দশম জাতীয় সংসদের হুইপ (২০১৪-২০১৮) হিসেবে দায়িত্ব পালন করেন।
রবিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ২৯৯ আসনে ব্যালট পেপারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হলেও দেশের বিভিন্ন জায়গায় প্রার্থীর সমর্থকদের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষের খবর পাওয়া গেছে। কিছু জায়গায় গোলাগুলির ঘটনা ঘটেছে। অনিয়ম প্রমাণিত হওয়ায় ভোট বাতিল করা হয়েছে কয়েকটি ভোটকেন্দ্রে। জাল ভোট দেওয়ার চেষ্টা করায় কয়েকজনকে গ্রেপ্তার, জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) হিসাবে সারা দিনে ভোট পড়েছে ৪০ শতাংশের মতো। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ভোটকেন্দ্রে যেতে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।