বেসরকারি ফল
চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪ ২৩:১৮ পিএম
কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) সৈয়দ মোহাম্মদ ইবরাহিম বীর প্রতীক। প্রবা ফটো
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) সৈয়দ মোহাম্মদ ইবরাহিম বীর প্রতীক।
দুই উপজেলা মিলে এ আসনটির ১৫৮টি কেন্দ্রের মধ্যে রাত পৌনে ১১টায় ১৫৫টি কেন্দ্রের ফলাফলে হাতঘড়ির প্রার্থী সৈয়দ মোহাম্মদ ইবরাহিম পেয়েছেন ৮১৯৫৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জাফর আলম পেয়েছেন ৫২৮৯৬ ভোট। ভোটের ব্যবধান ২৯০৫৯ ভোট।
এদিকে, তিনটি কেন্দ্রে গোলযোগের কারণে স্থগিত রাখা হয়েছে ওই কেন্দ্রগুলোর ভোট গ্রহণ। কিন্তু ফলাফল পাওয়া ১৫৫টি কেন্দ্রের ব্যবধান থাকা ভোটের সমপরিমাণ স্থগিত তিনটি কেন্দ্রের ভোট না থাকায় সৈয়দ মোহাম্মদ ইবরাহিমকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
রবিবার (৭ জানুয়ারি) ভোট গ্রহণের পর ফলাফল গণনা করে এ তথ্য নিশ্চিত করেছেন দুই সহকারি কর্মকর্তা চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম ও পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী। এ আসনে ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও অপর ৫জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
রবিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ২৯৯ আসনে ব্যালট পেপারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হলেও দেশের বিভিন্ন জায়গায় প্রার্থীর সমর্থকদের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষের খবর পাওয়া গেছে। কিছু জায়গায় গোলাগুলির ঘটনা ঘটেছে। অনিয়ম প্রমাণিত হওয়ায় ভোট বাতিল করা হয়েছে কয়েকটি ভোটকেন্দ্রে। জাল ভোট দেওয়ার চেষ্টা করায় কয়েকজনকে গ্রেপ্তার, জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) হিসাবে সারা দিনে ভোট পড়েছে ৪০ শতাংশের মতো। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ভোটকেন্দ্রে যেতে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।