বেসরকারি ফল
ঝিনাইদহ প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪ ২১:৩২ পিএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪ ২১:৫২ পিএম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে দেখা গেছে ঝিনাইদহের চারটি আসনে তিনটিতে নৌকা এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছে।
বেসরকারি ফলাফলে দেখা যায় ঝিনাইদহ-১ আসনে নৌকার প্রার্থী আব্দুল হাই ৯৫ হাজার ৬৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম দুলাল ট্রাক প্রতীক নিয়ে ৭৯ হাজার ৭২৮ ভোট পেয়েছেন।
ঝিনাইদহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদী মহুল ১ লাখ ৩৭ হাজার ৫৮৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী সমি পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ১৫২ ভোট।
ঝিনাইদহ-৩ আসনে নৌকার প্রার্থী সালাহউদ্দীন মিয়াজী ৫৭ হাজার ৫৩৭ ভোট পেয়ে নৌকার নতুন মাঝি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মো. শফিকুল আজম খান চঞ্চল ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৪৭ হাজার ১৭৯ ভোট।
ঝিনাইদহ-৪ আসনে নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার পেয়েছেন ৯৬ হাজার ৫০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুল মান্নানের ভাই আব্দুর রশিদ খোকন ট্রাক প্রতীক নিয়ে ৫৭ হাজার ১০০ ভোট পেয়েছেন।
রবিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ২৯৯ আসনে ব্যালট পেপারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হলেও দেশের বিভিন্ন জায়গায় প্রার্থীর সমর্থকদের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষের খবর পাওয়া গেছে। কিছু জায়গায় গোলাগুলির ঘটনা ঘটেছে। অনিয়ম প্রমাণিত হওয়ায় ভোট বাতিল করা হয়েছে কয়েকটি ভোটকেন্দ্রে। জাল ভোট দেওয়ার চেষ্টা করায় কয়েকজনকে গ্রেপ্তার, জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) হিসেবে সারা দিনে ভোট পড়েছে ৪০ শতাংশের মতো। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ভোটকেন্দ্রে যেতে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।