চট্টগ্রাম-১৬
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪ ১৮:০১ পিএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪ ১৮:১৫ পিএম
মোস্তাফিজুর রহমানের ফাইল ফটো।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার ১৫ মিনিট আগে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। একাধিকবার আচরণবিধি লঙ্ঘন ও আইনশৃঙ্খলা বাহিনীকে হুমকি দেওয়ায় তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে ইসি।
ইসি সূত্র জানায়, ভোটগ্রহণ চলমান থাকা অবস্থায় প্রার্থিতা বাতিল করা হলে ওই প্রার্থীর প্রাপ্ত ভোট গণনা করা হবে না। ফলে মোস্তাফিজুর রহমানের প্রাপ্ত ভোট বাদ দিয়ে অন্য প্রার্থীদের প্রাপ্ত ভোট গণনা করা হবে। সর্বোচ্চ ভোটপ্রাপ্ত প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করা হবে।
বিএনপি ও সমমনাদের বর্জনের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হলো। রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে ২৯৯ আসনে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ। নির্বাচনে অংশ নিয়েছে ২৮টি দল। দলীয় প্রার্থী ১ হাজার ৫৩৪ জন, স্বতন্ত্র ৪৩৬ জন। স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনে পরে ভোটগ্রহণ হবে।
ভোটগ্রহণ শেষ হওয়ার আগ মুহূর্তে ইসি সচিব জাহাংগীর আলম সাংবাদিকদের জানান, একাধিকবার আচরণবিধি লঙ্ঘন করায় আজ বিকাল ৩টা ৪৫ মিনিটে নির্বাচন কমিশন সর্বসস্মতিক্রমে মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। অন্য প্রার্থীদের প্রাপ্ত ভোট গণনা করে এই আসনের ফল ঘোষণা দেওয়া হবে।
পরে ইসির উপসচিব (আইন) মো. আব্দুছ ছালাম সই করা এক চিঠিতে বলা হয়, ২৯৩ চট্টগ্রাম সংসদীয় ১৬ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২-এর ৭৩ ও ৮৪-এ ধারায় নির্বাচনী অপরাধ সংঘটন করেছেন জানিয়ে চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এবং পুলিশ সুপার নির্বাচন কমিশনে প্রতিবেদন দাখিল করেছেন। প্রতিবেদনগুলো পর্যালোচনা করে মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে নির্বাচনী অপরাধ সংঘটন প্রমাণিত হওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২-এর ৯১-ই উপধারা (২)-এর বিধান অনুযায়ী নির্বাচন কমিশন প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।