দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪ ২২:০২ পিএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪ ২২:৫১ পিএম
বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে কমনওয়েলথ বিশেষজ্ঞ টিমের ১০ সদস্য। প্রবা ফটো
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশে সফররত কমনওয়েলথ বিশেষজ্ঞ টিমের ১০ সদস্য।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমনওয়েলথ বিশেষজ্ঞ টিমের কাছে ভোটের মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম ও প্রস্তুতি তুলে ধরেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
বৈঠকে অংশ নেওয়া পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকতা নাম প্রকাশ না করার শর্তে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বৈঠকে মূলত দ্বাদশ জাতীয় সংসদের প্রস্তুতি ও পরিবেশ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি এবং ভোটের মাঠে নিরাপত্তা ব্যবস্থা, ভোটের মাঠের পরিবেশ কেমন, ভোটারদের মধ্যে ভোটদানের উৎসাহ প্রভৃতি বিষয় সম্পর্কে প্রতিনিধি দল জানতে চেয়েছে। তাদেরকে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত একটি চিত্র তুলে ধরা হয়েছে।
ওই কর্মকর্তা আরও জানান, প্রতিনিধি দল নির্বাচন কমিশনসহ অনেকগুলো সংস্থার সঙ্গে বৈঠক করেছেন। তারই অংশ হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও বৈঠক করেছেন। সেখানে ভোটের মাঠে সহিংসতার প্রতিরোধ, মামলা ও গ্রেপ্তারের বিষয়টিও তুলে ধরা হয়। ভোটে সহিংসতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি, ভোটদানে ভোটারদের ও ভোট কেন্দ্রের নিরপত্তার বিষয়গুলোও তুলে ধরা হয়েছে।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, কমনওয়েলথ বিশেষজ্ঞ টিমের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন জ্যামাইকার সাবেক প্রধানমন্ত্রী ওরেট ব্রুস গোল্ডিং। প্রতিনিধি দলের অন্যারা হলেন মালদিভেজের সাবেক সহকারী পররাষ্ট্র মন্ত্রী জেফরি সেলিশ ওয়াহিদ, ক্যামেরুনের ইলেকশন কমিশনের সাবেক চেয়ারম্যান স্যামুয়েল আজ্উ ফনকাম, ইন্ডিপেন্ডেট ইলেকশন কমিশন অব নাইজেরিয়ার সাবেক চেয়ারম্যান অধ্যাপক আত্তহিরু মুহাম্মদু জেগা, যুক্তরাজ্যের হাওয়ার্ড কেনেডি পার্টনার মার্ক হাওয়ার্ড স্টিফেনস, ভারতের কলকাতার হাইকোর্টের আইনজীবী সব্যসাচী বানার্জী প্রমুখ উপস্থিত ছিলেন।