× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রথম দফায় ১৩ জেলায় গেল ব্যালট পেপার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩ ১৬:৩৯ পিএম

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩ ১৬:৪০ পিএম

বিশেষ নিরাপত্তায় পাঠানো হচ্ছে নির্বাচনী ব্যালট পেপার। প্রবা ফটো

বিশেষ নিরাপত্তায় পাঠানো হচ্ছে নির্বাচনী ব্যালট পেপার। প্রবা ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের জন্য আসনভিত্তিক ব্যালট পেপারসহ অন্যান্য উপকরণ বিতরণ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

সোমবার (২৫ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে ১৩ জেলায় ব্যালট পেপার নিয়ে গেছে বলে জানিয়েছে ইসি।

সংস্থাটির সিনিয়র সহকারী সচিব এনাম উদ্দীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিন সকাল ৯টা থেকে উপকরণ বিতরণ শুরু করে ইসি। 

এদিন গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস থেকে- পঞ্চগড়, গাইবান্ধা, মেহেরপুর, কুষ্টিয়া, মাগুরা ও রাঙ্গামাটি; বিজি প্রেস থেকে- জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, ঝালকাঠি ও ভোলা এবং সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে- বরগুনা, পটুয়াখালী ও নেত্রকোণা জেলার ব্যালট পেপার বিরতণ করা হয়। ব্যালট পেপার ও পোস্টাল ব্যালট পেপারের সঙ্গে সম্পর্কিত ফরম এবং স্ট্যাম্প প্যাডও পাঠানো হয়েছে। 

একইভাবে পর্যায়ক্রমে অন্যান্য জেলায়ও ব্যালট পেপার পাঠানো হবে বলে জানিয়েছে ইসি সংশ্লিষ্টরা। জেলাভিত্তিক ব্যালট পেপারের বিতরণের তারিখ ও স্থান উল্লেখ করে ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনী সামগ্রী সরবরাহের বিষয়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে ইসির নির্দেশনাও পাঠানো হয়েছে। 

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য ব্যালট পেপার, পোস্টাল ব্যালট, পোস্টাল ব্যালট পেপারের সঙ্গে সম্পর্কিত ফরম এবং স্ট্যাম্প প্যাড বিভিন্ন আসনের সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের মধ্যে সরকারি তিনটি প্রেস (গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস, বিজি প্রেস ও বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং প্রেস) থেকে বিতরণ করা হবে।  

এতে আরও বলা হয়, প্রয়োজনীয় নিরাপত্তাসহ ব্যালট পেপার সরাসরি রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানোর পর জেলা প্রশাসকের ট্রেজারি শাখায় সেসব সংরক্ষণসহ সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। তারপর ভোটের দিন (৭ জানুয়ারি ২০২৪) সকালে জেলা থেকে সেগুলো যথাসময়ে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে। নির্বাচন কমিশন আসনভিত্তিক ভোটার সংখ্যার সমান প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম ও প্রতীকসহ ব্যালট পেপার ছাপানোর ব্যবস্থা করে।  

এর আগে এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেছেন, জেলা পর্যায়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে ব্যালটগুলো পাঠানো হবে। কেননা ভোটের দিন জেলা থেকে সব উপজেলায় ব্যালট পাঠানো সম্ভব হবে না। কারণ ভোটের আগের দিন কেন্দ্র অনুযায়ী ব্যালট সেট করতে হবে, বাছাই করতে হবে। সেগুলো আগেই পৌঁছাতে হবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। 

এছাড়া মামলার কারণে প্রার্থিতা চূড়ান্ত না হওয়া ৪০টির বেশি আসনে ব্যালট পেপার ছাপানোর মুদ্রণ ও পৌঁছানোর কাজ পরে শুরু হবে।

ইসির নির্দেশনা অনুযায়ী, ছাপাখানা থেকে ব্যালট পেপার ও পোস্টাল ব্যালট বুঝে নেওয়ার আগে নির্বাচন ভবনের গোডাউন থেকে স্ট্যাম্প প্যাড সংগ্রহ করতে হবে। একই সঙ্গে ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপারের সঙ্গে সম্পর্কিত ফরম এবং স্ট্যাম্প প্যাড জেলা প্রশাসকের কার্যালয়ে ট্রেজারি শাখায় সংরক্ষণসহ সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এসব সামগ্রী সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছানোর পর ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করে কোনো অসঙ্গতি দেখা দিলে তাৎক্ষণিকভাবে অবহিত ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা