প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩ ১৬:২০ পিএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩ ১৬:৪৯ পিএম
নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি : সংগৃহীত
দায়িত্ব পালনে নির্লিপ্ততা ও অবহেলার অভিযোগ প্রমাণিত হওয়ায় ঝিনাইদহ জেলার শৈলকূপা ও যশোর জেলার হরিণাকুণ্ড থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানান।
ইসি কি সরকারি দলের প্রার্থীদের আচরণবিধি মানাতে পারছে না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ’যেকোনো ধরনের অভিযোগ নির্বাচন কমিশনে আসবে। যেকোনো ভিডিও ক্লিপ বা প্রমাণসংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে ও এসপির কাছে পাঠানো হবে। তারপর তাদের তদন্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
শুক্রবার তিনটি আসনের তদন্ত প্রতিবেদন চেয়েছিলেন, সেটার কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অশোক কুমার দেবনাথ বলেন, ’যে রিপোর্ট পেয়েছি তার আলোকে একটা জায়গায় সংশ্লিষ্ট থানার (শৈলকূপা থানা ও হরিণাকুণ্ড) ওসিদের নির্লিপ্ততার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যাহার করা হয়েছে।’
ওসিদের এত রদবদল কেন—এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব বলেন, ’গণহারে তো নির্লিপ্ততা নেই। দুয়েকটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
সরকারি দলের প্রার্থীরা বারবার কেন আচরণবিধি লঙ্ঘন করছেন, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে—জানতে চাইলে তিনি আরও বলেন, ’আমরা অনেককে শোকজ করেছি। ইনকোয়ারি টিমের যে সুপারিশ আসছে, সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। অচিরেই দৃশ্যমান আপডেট পাবেন।’