× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেটে প্রধানমন্ত্রী

একজন লন্ডনে বসে হুকুম দেয়, চ্যালারা দেশে আগুন দেয়

সিলেট অফিস

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩ ১৫:১৫ পিএম

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩ ১৫:২৭ পিএম

সিলেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দুপুরে হযরত শাহজালালের মাজার প্রাঙ্গণ। ছবি : ফোকাস বাংলা

সিলেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দুপুরে হযরত শাহজালালের মাজার প্রাঙ্গণ। ছবি : ফোকাস বাংলা

যারা অগ্নিসন্ত্রাস করছে, তাদের ক্ষমা নেই বলে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে সিলেটে হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা হরতালের দিন মঙ্গলবার ভোরে রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনে অগ্নিকাণ্ডের প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, ‘ট্রেনে আগুন দিল, মা-সন্তানকে পুড়িয়ে মারল। এর চেয়ে কষ্টের কী হতে পারে? একজন লন্ডন বসে হুকুম দেয়। আর দেশে তার কিছু চ্যালা আছে আগুন দেয়। মানুষ মেরে ভীতি সৃষ্টি করে নির্বাচন বানচাল করতে চেষ্টা করছে।’

সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন সরকারের দাবিতে ২৮ অক্টোবর থেকে দফায় দফায় হরতাল-অবরোধ কর্মসূচি দিয়ে আসছে বিএনপি ও সমমনা দলগুলো। তাদের কর্মসূচি চলাকালে প্রতিদিন দেশের কোথাও না কোথাও যানবাহন ও বিভিন্ন স্থাপনায় আগুন ও ককটেল হামলার মতো খবর আসছে। সবশেষ মঙ্গলবার ভোরে মোহনগঞ্জ এক্সপ্রেসে দেওয়া আগুনে চারজন নিহত হয়েছে। তাদের মধ্যে এক নারী ও তার তিন বছরের শিশু রয়েছে।

প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, ‘কী করে তারা মানুষ হত্যা করে? পুলিশ, সাংবাদিক, বিচারক, সাধারণ জনগণের ওপর হামলা করে। এটা কী ধরনের আন্দোলন?’

তিনি বলেন, ‘নির্বাচনে না এসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা সন্ত্রাসী ও জঙ্গিবাদী কর্মকাণ্ড। আগুন দিয়ে সরকারি সম্পত্তি নষ্ট করা হচ্ছে। এটা জনগণের সম্পত্তি। এগুলো করছে বিএনপি-জামায়াত জোট। বিএনপির একটাই কাজ মানুষ পুড়িয়ে মারা। ২০১৩ ও ২০১৪ সালেও দেখেছি তারা মানুষ পুড়িয়ে মেরেছে। এটা কী ধরনের আন্দোলন?

সরকারপ্রধান বলেন, ‘নির্বাচনে না এসে বিএনপি-জামায়াত মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছে না। তাদের নেতা বিদেশে বসে সন্ত্রাসী কর্মকাণ্ড করে কোনো দিন সফল হতে পারবে না।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আমার একটাই কথা– আওয়ামী লীগ সরকার এলে জনগণের কল্যাণ হয়। ২০০৯ সালে সরকার গঠন করেছিলাম। বাংলাদেশের জনগণ ২০১৪ সালে আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে। ২০১৮ সালে ভোট দিয়ে নির্বাচিত করেছে।’

তিনি আরও বলেন, ‘আজকে সিলেটে এসেছি, এই জেলায় কোনো ভূমিহীন-গৃহহীন মানুষ নেই। প্রত্যেকটা ভূমিহীন-গৃহহীন মানুষকে ঘর করে দিয়েছি। মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করে যাচ্ছি। বাকিগুলো অচিরেই পূরণ করব, ইনশাআল্লাহ। ৭ জানুয়ারি বাংলাদেশের জনগণ যদি আওয়ামী লীগকে ভোট দেয়, আবার সরকার গঠন করতে পারি, তাহলে পুরো বাংলাদেশটাকেই আমরা উন্নত, সমৃদ্ধ হিসেবে গড়তে পারব। কোনো মানুষ ঠিকানাবিহীন থাকবে না। বাংলাদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়ে উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব। ইতোমধ্যে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি।’

বেলা ১১টা ৪০ মিনিটে বিমানযোগে ঢাকা থেকে সিলেটে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে হযরত শাহজালাল (রহ.) ও শাহপরানের (রহ.) মাজার জিয়ারত করেন তিনি। সেখান থেকে সিলেটের সার্কিট হাউজে যান সরকারপ্রধান। সেখানে দুপুরের খাবার শেষে বিকালে সিলেট আলিয়া মাদরসা মাঠে আয়োজিত জনসভায় ভাষণের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করবেন আওয়ামী লীগ সভাপতি। 

শেখ হাসিনার সঙ্গে আছে তার ছোট বোন শেখ রেহানা, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সৈয়দা জেবুন্নেছা হকসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা