সংসদ নির্বাচন
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩ ১৩:৪৪ পিএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩ ১৭:০৫ পিএম
স্বতন্ত্র প্রার্থী সাদিক আবদুল্লাহ, আওয়ামী লীগ প্রার্থী শামীম হক ও শাম্মী আহমেদ।
দ্বাদশ সংসদ নির্বাচনে আপিল শুনানির শেষ দিনে বরিশাল-৫ আসনে আলোচিত স্বতন্ত্র প্রার্থী সাদিক আবদুল্লাহ ও ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম হকের প্রার্থিতা বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে আপিল শুনানি শেষে দ্বৈত নগরিকত্বের কারণে এ দুজনের প্রার্থিতা বাতিল করে ইসি।
এ ছাড়া বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদ এবং কক্সবাজার-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী সালাহ উদ্দিন আহমদের প্রার্থিতা বাতিল বহাল রেখেছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনে বরিশাল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথ এবং ঝালকাঠি-১ আসনে নৌকার প্রার্থী শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল হয়েছিল। তবে তা নামঞ্জুর করে কমিশন। অর্থাৎ পঙ্কজ দেবনাথ ও শাহজাহান ওমরের প্রার্থিতা বহাল থাকল।
দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমাদান শেষ হয়েছে ৩০ নভেম্বর। যাচাইবাছাই চলে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। এ দিনই প্রার্থীরা প্রচার শুরু করতে পারবেন; যা শেষ হবে ৫ জানুয়ারি সকালে।