প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩ ১৩:৪২ পিএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩ ১৩:৪৯ পিএম
নির্বাচন কমিশন ভবন। ছবি : সংগৃহীত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী ২৯টি দলের মধ্যে বাদ পড়েছে একটি দল। কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে দ্বন্দ্বের কারণে গণতন্ত্রী পার্টির সব প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে দলটির নিবন্ধন কেনো বাতিল করা হবে না তা জানতে সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার (১২ ডিসেম্বর) নির্বাচন কমিশনের উপসচিব মো. মাহবুব আলম শাহের সই করা এ সংক্রান্ত একটি চিঠি সব রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে ইসি।
চিঠিতে বলা হয়, নির্বাচন কমিশনের সঙ্গে নিবন্ধিত রাজনৈতিক দল ‘গণতন্ত্রী পার্টি’ নামীয় দলটির সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তৃক পৃথক পৃথকভাবে দাখিলকৃত কমিটি কমিশন কর্তৃক নামঞ্জুর করা হয়েছে। সুতরাং গণতন্ত্রী পার্টি নামীয় রাজনৈতিক দলের অনুমোদিত কোনো কমিটি বিদ্যমান নেই।
এ অবস্থায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ‘গণতন্ত্রী পার্টি’ নামীয় দলের কোনো পদধারী কর্তৃক দাখিলকৃত প্রার্থীর প্রার্থিতা বাতিল করার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা যাচ্ছে।
এবারের নির্বাচনে গণতন্ত্রী পার্টির মনোনয়ন নিয়ে ১২ জন প্রার্থী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিল।
গত ১৮ নভেম্বর নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের সঙ্গে জোটগত নির্বাচনে প্রতীক বরাদ্দের জন্য প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি দেয় গণতন্ত্রী পার্টি।
চিঠিতে উল্লেখ করা হয়, গণতন্ত্রী পার্টি ১৪ দলীয় জোটভুক্ত একটি নিবন্ধিত রাজনৈতিক দল। যার নম্বর- ৮ ও নির্বাচনী প্রতীক- কবুতর, নিবন্ধনের তারিখ- ৩ নভেম্বর ২০০৮; ঠিকানা: ৭৯, কাকরাইল (মায়াকানন), ঢাকা-১০০০। গণতন্ত্রী পার্টি থেকে জোটগত প্রার্থী হিসেবে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা ১৪ দলীয় জোটের বৃহত্তম শরিক দল বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা ব্যবহার করতে ইচ্ছুক।