প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩ ২২:০৯ পিএম
ছবি : সংগৃহীত
আগামী ১ জানুয়ারি থেকে ঢাকা-কক্সবাজার পথে আরও একজোড়া আন্তঃনগর ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। নতুন ট্রেনের নাম এখনো ঠিক হয়নি। তবে তিনটি নাম প্রস্তাব করা হয়েছে। সেগুলো হলো পালংকি এক্সপ্রেস (কক্সবাজারের প্রাচীন নাম), তরঙ্গ এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস।
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বুধবার (৬ ডিসেম্বর) মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান। তিনি বলেন, নামগুলোসহ প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাবনা দেওয়া হবে। প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে ট্রেন চলাচল শুরু হবে। একই দিন বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী স্বাক্ষরিত একটি চিঠিতেও বিষয়টি জানানো হয়েছে।
নতুন ট্রেন দুটির নম্বর হবে ৮১৫ ও ৮১৬। প্রতিটি ট্রেনে ১৬টি কোচ থাকতে পারে। রবিবার সাপ্তাহিক বিরতি থাকবে।
প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী ট্রেনটি (৮১৫) কক্সবাজার থেকে ছাড়বে রাত ৮টায়। চট্টগ্রাম পৌঁছাবে রাত ১০টা ৫০ মিনিটে এবং ছাড়বে ১১টা ১৫ মিনিটে। ট্রেনটি শাহজালাল বিমানবন্দর স্টেশনে পৌঁছাবে রাত ৩টা ৫০ মিনিটে, ছাড়বে ৩টা ৫৩ মিনিটে এবং কমলাপুর রেলস্টেশনে পৌঁছাবে রাত সাড়ে ৪টায়।
অন্যদিকে ৮১৬ নম্বরের ট্রেনটি ঢাকা ছাড়বে ভোর ৬টা ১৫ মিনিটে। বিমানবন্দর স্টেশন পৌঁছাবে ভোর ৬টা ৩৮ মিনিটে, ছাড়বে ৬টা ৪৩ মিনিটে, চট্টগ্রাম স্টেশনে পৌঁছাবে সকাল ১১টা ২০ মিনিটে, ছাড়বে ১১টা ৪০ মিনিটে, কক্সবাজার স্টেশনে পৌঁছাবে দুপুর ৩টায়।
যশোর-মংলা কমিউটার ট্রেন ১ জানুয়ারি থেকে
রেলমন্ত্রী জানান, আগামী ১ জানুয়ারি থেকে যশোর-খুলনা-মংলা রুটে কমিউটার ট্রেন চলবে। খুলনা ও যশোরের মধ্যে একজোড়া এবং যশোর ও মোংলার মধ্যে দুই জোড়া ট্রেন চলবে। যাত্রা বিরতি দেওয়া হবে দৌলতপুর, নোয়াপাড়া, যশোর, মোহাম্মদনগর, কাটাখালী। এই ট্রেনের ভাড়া ধরা হয়েছে শোভন সাধারণ ১২৫ টাকা, শোভন চেয়ার ১৫০ টাকা, প্রথম সিট ২০০ টাকা। ট্রেন খুলনা ছাড়বে ৬টায়, যশোর পৌঁছাবে ৭টা ১০ মিনিটে; যশোর ছাড়বে ৭টা ৫৫ মিনিটে, মংলা পৌঁছাবে ১০টা ২৫ মিনিটে।