× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবারও অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে না : টিআইবি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩ ১৪:৪৫ পিএম

আপডেট : ৩০ নভেম্বর ২০২৩ ১৫:৪৮ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, তফসিল ঘোষণার আগে ও পরের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে। এ পর্যবেক্ষণে আমাদের ধারণা হচ্ছে, অংশগ্রহণমূলক নির্বাচন বলতে যা বোঝায়, তা আমরা এবারও দেখতে পাচ্ছি না।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে নিজস্ব কার্যালয়ে ‘গণতন্ত্র, সুশাসন ও শুদ্ধাচার চর্চার রাজনৈতিক অঙ্গীকার : টিআইবির সুপারিশমালা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘হয়তো এই নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে। এর মাধ্যমে ক্ষমতায় কারা অধিষ্ঠিত থাকবেন সেটিও নির্ধারণ করার সুযোগ হবে। কিন্তু সত্যিকার অর্থে জনগণের ভোটের অধিকারের যে নির্বাচন সেটি নিশ্চিত করা যাবে না। এই নির্বাচনের ওপর জনগণের আস্থা বা ভোটের ওপর জনগণের আস্থা নিশ্চিত করা অসম্ভব হবে বলে মনে করি।’

প্রধানমন্ত্রী দায়িত্বে বহাল থাকায় নির্বাচনে দলীয় বিষয়গুলো বেশি গুরুত্ব পাচ্ছে কি-না? এ প্রশ্নের জবাবে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘যখন একটি দল ক্ষমতায় নির্বাচিত হয়, সেই দলটি দেশের সরকার হিসেবে নির্বাচিত হয়। তখন সেই সরকার আর কোনো দলের সরকার থাকে না। কিন্তু সেই সরকারের সরকারপ্রধান যদি স্বপ্রণোদিতভাবে দলীয় নেতৃত্বের অবস্থান থেকে পদত্যাগ করেন, তাহলে প্রতীকী অর্থে হলেও সবার সরকারপ্রধান হিসেবে বা সব দলের সরকার হিসেবে নিজেকে তার ভূমিকা রাখা সম্ভব হয়।’

সংবাদ সম্মেলনে নির্বাচনী শুদ্ধাচার চর্চা, আইনের শাসন, তথ্য অধিকারসহ ৯টি অধ্যায়ে ৭৬টি সুপারিশ করে টিআইবি।

৭৬টি সুপারিশসমূহকে গুরুত্বপূর্ণ অভিহিত করে ইফতেখারুজ্জামান বলেন, ‘আমরা দেখেছি আমাদের পরামর্শের ওপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলো তাদের ইশতেহারে অনেক বিষয় যুক্ত করেছেন। রাষ্ট্রীয় অন্যান্য নীতি প্রণয়নে কাজ করেছেন।’

তিনি বলেন, ‘কোনো রাজনৈতিক দল এসব সুপারিশ নির্বাচনের ইশতেহার হিসেবে গ্রহণ করতে পারে। শুধু নির্বাচনে নয় বরং রাজনৈতিক দলগুলো তাদের কার্যক্রমে গ্রহণ করতে পারে। ক্ষমতা মূলত রাজনৈতিক দলগুলোর হাতে থাকে। আমরা আসনভিত্তিক সংসদ দেখে আসছি গত ৫০ বছর যাবৎ। এখন তা আনুপাতিক হারে করতে হবে। এজন্য প্রয়োজনে গণভোটের আয়োজন করতে হবে।’

গণতান্ত্রিক মূল্যবোধ ও চর্চার প্রাতিষ্ঠানিকীকরণ, নির্বাচনী শুদ্ধাচার চর্চা, আইনের শাসন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহে স্বচ্ছতা ও জবাবদিহিতা, অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ, নাগরিক সমাজ ও গণমাধ্যমের স্বাধীনতা, তথ্য অধিকার,  তথ্য ও উপাত্ত সুরক্ষা, স্থানীয় সরকার প্রতিষ্ঠান শক্তিশালীকরণ, আর্থিক খাত ও সরকারি ব্যয়ে সুশাসন, আর্থিক খাত ও সরকারি ব্যয়ে সুশাসন, অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচার ও পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে ৭৬টি সুপারিশ করেছে সংস্থাটি।

সুপারিশগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো- জাতীয় ও নির্বাচনে না ভোটের পুনঃপ্রচলন করা, গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের মাধ্যমে একটি নির্দিষ্ট সংসদীয় আসনের পূর্ণাঙ্গ ফলাফল বাতিল করার ক্ষমতা রহিত করার মাধ্যমে ইসির ক্ষমতা সংকুচিত করার এই ধারা পরিবর্তন করা, বিচার বিভাগের নিয়োগ, পদায়ন, বদলিসহ বিচারক প্রক্রিয়ায় রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা, সৎ সরকারি কর্মচারীদের হয়রানি বন্ধ করা ইত্যাদি।

লিখিতভাবে সুপারিশগুলো তুলে ধরেন টিআইবির রিসার্চ অ্যাসোসিয়েট কোয়ান্টেটিভ কাউসার আহমেদ। উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট অ্যাডভাইজার সুমাইয়া খায়ের, সিনিয়র রিসার্চ ফেলো জুলকারনাইন প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা