প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩ ১৬:২০ পিএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৩ ১৭:০৩ পিএম
সজীব ওয়াজেদ জয়। ফাইল ফটো
প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন সজীব ওয়াজেদ জয়। প্রধানমন্ত্রী এ পদত্যাগপত্র গ্রহণও করেছেন।
বুধবার (২৯ নভেম্বর) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ৩(বি) (১)-এ প্রদত্ত ক্ষমতাবলে ২০১৯ সালের ১৫ জানুয়ারি সজীব ওয়াজেদ জয়কে উপদেষ্টা পদে পুনঃনিয়োগ দেওয়া হয়। এর আগে ২০১৪ সালে আওয়ামী লীগের দ্বিতীয় মেয়াদের সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর অবৈতনিক উপদেষ্টা হিসেবে নিয়োগ পান তিনি।
এদিকে মন্ত্রিসভার টেকনোক্র্যাট তিন মন্ত্রী ও প্রতিমন্ত্রী এবং তিন উপদেষ্টার পদত্যাগ কার্যকর হয়েছে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ প্রজ্ঞাপন জারি করেছে।
নির্বাচনের তফসিল ঘোষণার পর গত ১৯ নভেম্বর বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এই তিনজন টেকনোক্র্যাট মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদত্যাগপত্র জমা দেন।
একই সঙ্গে প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভীও পদত্যাগপত্র জমা দেন।