প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩ ১৬:১১ পিএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৩ ১৮:২১ পিএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অধীনে আরও একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তিনি বর্তমান দায়িত্বে থেকে অতিরিক্ত হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনা করবেন।
বুধবার (২৯ নভেম্বর) মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সই করা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ/ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনার দায়িত্ব দিয়েছে সরকার।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ৩(৪)-এর ক্ষমতাবলে এই দায়িত্ব বণ্টন করেছেন।
নির্বাচনের তফসিল ঘোষণার পর ১৯ নভেম্বর বর্তমান সরকারের টেকনোক্র্যাট দুই মন্ত্রী ও এক প্রতিমন্ত্রী (সংসদ সদস্য নন) পদত্যাগপত্র জমা দেন। বুধবার তাদের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। তিন মন্ত্রী ও প্রতিমন্ত্রী হলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম।
মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ শূন্য হলেও ওই মন্ত্রণালয়ে যেহেতু পূর্ণ মন্ত্রী আছেন, তাই সেখানে নতুন কাউকে দায়িত্ব দেওয়া হচ্ছে না।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে রয়েছে ছয়টি মন্ত্রণালয়। মন্ত্রণালয়গুলো হলো—মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।