প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২২ ১২:৪৬ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২২ ১৪:১৫ পিএম
আলোচনা সভায় বক্তব্য দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নগর পরিকল্পনাবিদ মাকসুদ হাসেম। ছবি : প্রবা
দেশের ৫৫ শতাংশ নগরবাসী বস্তিতে বসবাস করছে। এতে বসবাসকারীরা মাসে প্রতি বর্গফুটের জন্য ভাড়া দেয় ৩৬ টাকা। অন্যদিকে বিলাসবহুল অ্যাপার্টমেন্টের প্রতি বর্গফুটের ভাড়া ২৩ টাকা।
বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে বিশ্ব নগর দিবসকে সামনে রেখে আয়োজিত ‘নগর কথা—নিম্ন আয়ের মানুষের আবাসন ও নাগরিক সুবিধাসমূহ : প্রেক্ষিত ঢাকা’ শীর্ষক আলোচনা সভায় এমন তথ্য জানানো হয়।
ঢাকা উত্তর সিটি করপোরেশন, ওয়ার্ল্ড ভিশন, ইউএন-হ্যাবিটেট, ইউকেএইড ও ইউএনডিপি এই আলোচনার আয়োজন করে।
আলোচনায় বলা হয়, ইউএন-হ্যাবিটেট নির্ধারিত উপাদানের ভিত্তিতে টেকসই আবাসন জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ থেকে রক্ষা করে, এক ঘরে তিনজনের বেশি নয় এবং প্রতিজনের জন্য ৫৪ বর্গফুট জায়গা থাকতে হবে, সাশ্রয়ী মূল্যে সুপেয় পানির প্রাপ্যতা, স্বাস্থ্যসম্মত টয়লেট গ্রহণযোগ্য সংখ্যক মানুষ ব্যবহার করবে, আবাসনের সুরক্ষা বাধ্যতামূলক উচ্ছেদ রোধ করবে।
এসব উপাদানের যেকোনো একটির অভাব থাকলে ওই আবাসনকে বস্তি হিসেবে সংজ্ঞায়িত করেছে জাতিসংঘ।
আলোচনায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নগর পরিকল্পনাবিদ মাকসুদ হাসেম উত্থাপিত মূল প্রবন্ধে এ তথ্য জানানো হয়।
আলোচনায় বলা হয়, দেশের নিম্ন আয়ের ৮০ শতাংশ মানুষকে আবাসনের জন্য আয়ের ৩০ শতাংশ ব্যয় করতে হয়। বর্তমানে দরিদ্র বসতিতে বিদ্যুৎ, পানি, গ্যাস/জ্বালানি ব্যবহারের সুযোগ থাকলেও বেশি খরচ করতে হয়।
প্রবন্ধে বলা হয়, শুধুমাত্র রাজধানীতে দেশের ১২ শতাংশ মানুষের বাস এবং নগরকেন্দ্রিক জনগণের বসবাস মোট জনসংখ্যার ৩২ শতাংশ। জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে সর্বস্ব হারানো এবং উন্নত জীবন ও জীবিকার আশায় প্রতিবছর চার লাখ মানুষ ঢাকায় আবাস গড়ে তুলছে।
নগরকথার মূল প্রবন্ধে জানানো হয়, দেশের মোট জিডিপির ৩৫ শতাংশ আসছে ঢাকা শহর থেকে। ঢাকায় অনানুষ্ঠানিক খাতে ৭৫ শতাংশ মানুষের কর্মসংস্থান হয়ে থাকে, যেগুলোর সঙ্গে মূলত নিম্ন আয়ের মানুষ জড়িত রয়েছে।
অন্যদিকে আনুষ্ঠানিক খাতেও নিম্ন আয়ের মানুষরাই শ্রমশক্তির বৃহদাংশ। উদাহরণস্বরূপ দেশের তৈরি পোষাকশিল্পের ৮০ শতাংশ কারখানা ঢাকা ও এর আশপাশে অবস্থিত।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।
প্রবা/এইচকে/টিই