প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩ ১৮:৩৪ পিএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৩ ১৮:৫৪ পিএম
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। প্রবা ফটো
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যারা বানচালের চেষ্টা করছে, তাদের একটা শিক্ষা দিতে চান বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তিনি বলেন, ‘যারা এই নির্বাচন বানচাল করার প্রচেষ্টায় ব্যস্ত, তাদের আমরা শিক্ষা দেব।’
রবিবার (১৯ নভেম্বর) বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সিলেট-১ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণের জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র নেন পররাষ্ট্রমন্ত্রী।
নির্বাচনে জয়লাভ করে আওয়ামী লীগ আবার সরকার গঠন করবে– আশা প্রকাশ করে আব্দুল মোমেন বলেন, ‘অবশ্যই আমরা নির্বাচনে জয়লাভ করব। সেদিনের অপেক্ষায় আছি, যেদিন প্রধানমন্ত্রীর (শেখ হাসিনা) নেতৃত্বে আমরা আবার সরকার গঠন করব। আমাদের যেসব অর্জন– এখনও করতে পারিনি সেগুলো অবশ্যই-অবশ্যই অর্জন করব।’
তিনি বলেন, ‘মানুষ এটা বিশ্বাস করে– আওয়ামী লীগ নির্বাচনমুখী দল। এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ। সব নির্বাচনে জয়লাভ করেই সরকার গঠন করেছে আওয়ামী লীগ। কোনোদিন চোরাই পথে সরকারে আসেনি। আর এবার আমরা প্রমাণ করব, বাঙালি জাতি নির্বাচনমুখী জাতি।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে নির্বাচন করতে চান উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজ নমিনেশন পেপার সাবমিট করতে এসেছি। শত শত লোক এখানে আওয়ামী লীগ অফিসের সামনে এসেছে। এই গণজোয়ার ও গণজাগরণ দেখে আমরা খুবই আনন্দিত। তফসিল ঘোষণার পর থেকে সারা গ্রাম বাংলায় মানুষের মধ্যে নির্বাচনমুখী জোয়ার এসেছে। দারুণ অনুপ্রেরণা এসেছে। বাংলাদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে। আর আমার দলের (আওয়ামী লীগ) মূলনীতি হলো– আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব।’