প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩ ১৭:৫৬ পিএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৩ ১৭:৫৭ পিএম
সরকারের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাদের মধ্যে যখন পদোন্নতির হাওয়া বইছে, তখনও দীর্ঘ দিন পদোন্নতি বঞ্চিত বিসিএস (পুলিশ) ৩৫ ও ৩৬ ব্যাচের কর্মকর্তাদের প্রথম পদোন্নতি (সহকারি পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার) আটকে আছে। ইতোমধ্যে পদোন্নতির বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কয়েকবার বৈঠকও করেছেন তারা।
গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে পদোন্নতির বিষয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সঙ্গে সাক্ষাৎ করেন তারা। এ সময় পদোন্নতি বঞ্চিত পুলিশ কর্মকর্তারা এ বিষয়ে আইজিপিকে জানান।
পরে সন্ধ্যার দিকে মালিবাগ পুলিশের বিশেষ শাখার (এসবি) সদর দপ্তরে অতিরিক্ত আইজিপি এসবি প্রধান মনিরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানের সঙ্গেও সাক্ষাৎ করে পদোন্নতির বিষয়টি তুলে ধরেন তারা।
দ্বিতীয় বারের মতো আইজিপির সঙ্গে সাক্ষাৎ করতে যায়। ঘণ্টাব্যাপী বৈঠকে নিজেদের যৌক্তিক দাবি তুলে ধরেন তারা। এছাড়াও তারা ডিএমপি কমিশনার এবং এসবি চিফের সঙ্গেও একই বিষয় নিয়ে দেখা করেছেন বলে একটি সূত্রে জানা যায়।
জানা গেছে, বিসিএস ৩৫তম ব্যাচের কর্মকর্তাদের চাকরি ৬ বছর ৭ মাস চলমান। সাধারণত এসব কর্মকর্তারা চাকরির বয়স পাঁচ বছর হলেই প্রথম পদোন্নতি পান। তবে সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতির ক্ষেত্রে ৩০তম বিসিএস থেকে সাম্প্রতিক সময় পর্যন্ত নজিরবিহীন দীর্ঘসূত্রিতায় আটকে আছেন ৩৫ তম ব্যাচের সদস্যরা। এছাড়া একই অবস্থা ৩৬ ব্যাচেরও। তাদেরও ৫ বছর ৩ মাস চলছে।
এই দুই ব্যাচের কর্মকর্তারা এখন মাঠপর্যায়ে সহকারী কমিশনার, এএসপি এবং সার্কেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। ৩৫ তম ব্যাচের সমসাময়িক অন্যান্য ক্যাডারদের পদোন্নতি হয়েছে আরও দেড় বছর পূর্বে। এছাড়া ইতোমধ্যে ৩৬ বিসিএস ব্যাচেরও অন্যান্য অনেক ক্যাডারের পদোন্নতিও হয়ে গেছে। একই বিসিএসে যোগদান করে যেখানে অন্যান্য সব ক্যাডার কর্মকর্তা যথাসময়ে প্রথম পদোন্নতি পেয়েছেন, সেক্ষেত্রে নায্য পদোন্নতি বঞ্চিত হয়েছেন পুলিশের এই দুই ব্যাচের কর্মকর্তারা।
এর আগে গত ২৬ সেপ্টেম্বর পদোন্নতি বঞ্চিত এই দুই ব্যাচের সদস্যরা আইজিপির সঙ্গে সাক্ষাৎ করেন। সে সময় তাদের আশ্বস্ত করেন আইজিপি। সম্প্রতি পুলিশের বিভিন্ন পর্যায়ে ঊর্ধ্বতন কর্মকতাদের পদোন্নতি হলেও এখনও পদোন্নতি হচ্ছে না এসব কর্মকর্তাদের।
পুলিশ প্রধানের সঙ্গে বৈঠকে ৩৬ ব্যাচের কর্মকর্তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই ব্যাচের এক কর্মকর্তা বলেন, ৩৬তম ব্যাচের অন্যান্য ক্যাডারের পদোন্নতি হলেও পুলিশের না হওয়াটা হতাশার। সঠিক সময়ে পদোন্নতি না পাওয়ায়, তাদের কর্মস্পৃহা নষ্ট হচ্ছে।