প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩ ১০:৩৯ এএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৩ ১০:৫৫ এএম
ফাইল ছবি
তৃতীয় দফায় বিএনপিসহ সমমানা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের আজ বুধবার প্রথম দিনে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (৮ নভেম্বর) সকালে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জনজীবন স্বাভাবিক রাখা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় রাজধানীতে ১৬০টি এবং দেশের বিভিন্ন এলাকায় ১৫ ব্যাটালিয়নের প্রায় ৪৬০টি টহলদল নিয়োজিত রয়েছে। পাশাপাশি দেশব্যাপী গোয়েন্দা নজরদারি কার্যক্রম চলমান থাকবে। কেউ যদি কোনো ধরনের নাশকতা কিংবা সহিংসতার পরিকল্পনা করে তাকে সঙ্গে সঙ্গে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’
তিনি আরও বলেন, ‘যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় র্যাবের স্পেশাল টিম ও স্ট্রাইকিং ফোর্স রিজার্ভ রাখা হয়েছে। নাশকতা ও সহিংসতা প্রতিরোধে র্যাব দেশব্যাপী সার্বক্ষণিক নিয়োজিত থাকবে।’
র্যাবের এই কর্মকর্তা বলেন, ‘সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে দুষ্কৃতকারী ও সন্ত্রাসীরা নাশকতা ও সহিংসতার মতো ঘটনা ঘটিয়েছে। যারা এ ধরনের নাশকতা ও সহিংসতার সঙ্গে যারা জড়িত ছিল, তাদের সিসিটিভি ফুটেজ, ভিডিও ফুটেজ ও অন্য তথ্যাদি বিশ্লেষণ করে শনাক্তপূর্বক আইনের আওতায় নিয়ে আসতে কাজ করছে র্যাব। এ ছাড়া বিভিন্ন দলের রাজনৈতিক কর্মসূচি কেন্দ্র করে অনলাইনে স্বার্থান্বেষী ও সুযোগসন্ধানী মহল বিভিন্ন উস্কানিমূলক তথ্য, মিথ্যা বা গুজব ছড়াচ্ছে; বিভিন্ন ধরনের ভিডিও এডিট করে সামাজিক মাধ্যমে শেয়ার করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অপচেষ্টা চালাচ্ছে। র্যাবের সাইবার মনিটরিং টিম এসব দুষ্কৃতকারীকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে সাইবার জগতে সার্বক্ষণিক নজরদারি রাখছে।’