প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩ ২০:৫৫ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৩ ২১:২৬ পিএম
ছবি : সংগৃহীত
দ্বিতীয় দফায় আগামীকাল রবিবার (৫ নভেম্বর) থেকে বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালিত হবে। এবারের অবরোধেও ঢাকাসহ সারা দেশে বাস-মিনিবাস চালানোর ঘোষণা দিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।
শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে বিএনপি-জামায়াতের তিন দিনের অবরোধ এবং এক দিনের হরতালেও এমন ঘোষণা দিয়েছিলেন তিনি। তবে ওই সময় দূরপাল্লার বেশিরভাগ বাসই চলাচল করেনি। অভিযোগ আছে, নিরাপত্তার কথা চিন্তা করে মালিক সমিতির অনেক নেতাই তাদের বাস সড়কে নামাননি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার থেকে টানা ৪৮ ঘণ্টার অবরোধে ঢাকাসহ সারা দেশে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে। মালিক সমিতির পক্ষ থেকে সব রুটে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার জন্য সমিতি ও বাস কোম্পানির মালিকদের অনুরোধ করা হয়।
আরও বলা হয়, জনবিরোধী এ হরতাল-অবরোধে মালিক-শ্রমিকরা কখনও সাড়া দেবেন না। ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করেছেন। সামনের দিনে অবরোধের দিনগুলোতে গাড়ি চলাচলে যেন কোনো ধরনের বাধা না আসে, সেজন্য ঢাকাসহ জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে অনুরোধ জানানো হয়।