× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উদ্বোধনের অপেক্ষায় মেট্রোরেলের মতিঝিল অংশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩ ১২:১৬ পিএম

আপডেট : ০৪ নভেম্বর ২০২৩ ১৫:৫৪ পিএম

উদ্বোধনের অপেক্ষায় মেট্রোরেলের মতিঝিল অংশ

উদ্বোধনের অপেক্ষায় মেট্রোরেলের মতিঝিল অংশ

বিশ্বের সবচেয়ে ধীরগতির শহর ঢাকায় পূর্ণাঙ্গ রূপ পাচ্ছে মেট্রোরেল সার্ভিস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত বহুল প্রতীক্ষিত মেট্রোরেল সার্ভিসের দ্বিতীয় ধাপের উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানের কারণে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত নিয়মিত মেট্রো চলাচল বন্ধ থাকবে। আগামীকাল রবিবার থেকে উত্তরা-মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের চলাচল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। 

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তরা-মতিঝিল রুটে আপাতত প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মেট্রো চলাচল করবে। ট্রেন ছাড়বে প্রতি ১০ মিনিট পরপর। বেলা সাড়ে ১১টার পর মতিঝিল-আগারগাঁও রুটে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। তবে উত্তরা-আগারগাঁও সেকশনে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলবে। 

আগারগাঁও-মতিঝিল অংশে আপাতত তিনটি স্টেশনে মেট্রোরেল থামবে। স্টেশনগুলো হচ্ছে ফার্মগেট-সচিবালয়-মতিঝিল স্টেশন। 

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক জানিয়েছেন, ‘প্র্রধানমন্ত্রী আজ দুপুর আড়াইটায় আগারগাঁও স্টেশন থেকে আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করবেন। তারপর মতিঝিল স্টেশনে আরেকটি উদ্বোধনী অনুষ্ঠানের জন্য তিনি মেট্রোরেল নিয়ে মতিঝিলের উদ্দেশে যাত্রা করবেন।’

এই মেট্রোরেল সার্ভিস রাজধানীর যানজট নিরসন এবং দ্রুততম এবং নির্দিষ্ট সময়ে মানুষের চলাচলের ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

তিনি জানান, ট্রেন ২ হাজার ৩০০ যাত্রী নিয়ে ১০০ থেকে ১১০ কিলোমিটার গতিতে চলতে পারবে। তবে বাঁকযুক্ত এলাকায় গতি কমে যাবে। মেট্রোরেল প্রতি ঘণ্টায় ৬০ হাজার যাত্রী এবং প্রতিদিন ৫ লাখ যাত্রী বহন করতে সক্ষম হবে এবং প্রতি ৪ মিনিটে প্রতিটি স্টেশনে একটি ট্রেন আসবে।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. এম এ এন সিদ্দিক জানান, প্রধানমন্ত্রী আজ এমআরটি লাইন-৫ (উত্তর রুট) নির্মাণকাজেরও উদ্বোধন করবেন। এই লাইন হেমায়েতপুর থেকে ভাটারা হয়ে গাবতলী, মিরপুর-১০, গুলশান পর্যন্ত ২০ কিলোমিটার হবে। ৪১ হাজার ২৩৯ কোটি টাকার এই প্রকল্পের কাজ শেষ হবে ২০২৮ সালে।

ঢাকার প্রথম এই মেট্রোরেলের রুট উত্তরার দিয়াবাড়ি থেকে কমলাপুর পর্যন্ত বিস্তৃত। এর মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশটি ২০২২ সালের ২৮ ডিসেম্বর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই পথে ৯টি স্টেশন রয়েছে। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত ১ দশমিক ১৬ কিলোমিটার বর্ধিত অংশ ২০২৪ সালের জুনের মধ্যে শেষ হবে বলে জানা গেছে। 

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) মেট্রোরেল নির্মাণ করছে এবং প্রকল্পে সহজ শতে ঋণসহায়তা দিচ্ছে। জাইকা প্রকল্পের জন্য ১৯ হাজার ৫০০ কোটি টাকা দিয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা