× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জেলহত্যা দিবস পালন

আসামিদের দেশে ফিরিয়ে রায় কার্যকরের দাবি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩ ২১:৪৭ পিএম

জাতীয় চার নেতা। ছবি : সংগৃহীত

জাতীয় চার নেতা। ছবি : সংগৃহীত

১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি জাতীয় চার নেতার হত্যাকাণ্ডের ঘটনায় দণ্ডিত আসামিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি জানিয়েছে নিহতদের পরিবার, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন। গতকাল শুক্রবার রাজধানীসহ সারাদেশে জেলহত্যা দিবসটি পালিত হয়।

শুক্রবার (৩ নভেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বনানী কবরস্থানে ও নিহত জাতীয় নেতাদের সমাধিতে এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে নিহত শহীদের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ ছাড়া ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জেলহত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া কারা কর্তৃপক্ষও দিবসটি পালন করেছে।

রাজধানীর নাজিমউদ্দিন রোডে পুরাতন কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতীয় চার নেতা হত্যাকাণ্ডের পলাতক আসামিদের ফিরিয়ে আনতে আমাদের প্রচেষ্টা অব্যাহত। তারা যেসব দেশে পলাতক রয়েছে, সেসব দেশের কিছু নিয়মকানুন রয়েছে। সেসব দেশের সরকারের সঙ্গে আমাদের আলোচনা চলছে। আশা করছি তাদের দ্রুতই দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করতে পারব।’

দিবসটি স্বরণে রাজশাহীতে জাতীয় চার নেতার প্রতকিৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এ.এইচ.এম কামারুজ্জামানের পুত্র ও সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলা ও জাতীয় চার নেতার হত্যা মামলার বিচারের রায় হয়েছে। রায় আংশিক কার্যকর হয়েছে। যুক্তরাষ্ট্র, ইংল্যান্ডসহ বিদেশে পলাতক আসামিদের দেশে ফিরে এনে রায় কার্যকর করার চেষ্টা অব্যাহত রেখেছে সরকার। 

আরও পুষ্পস্তবক অর্পণ করেন ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

এদিকে গত বৃহস্পতিবার ‘৩রা নভেম্বর জেল হত্যা দিবস’কে জাতীয় শোক দিবস ঘোষণা করাসহ ৩ দফা দাবিতে গণভবনের উদ্দেশ্যে হেঁটে যাত্রা করেন দেশের প্রথম প্রধানমন্ত্রীর তাজউদ্দিন আহমদের ছেলে ও সাবেক সংসদ সদস্য সোহেল তাজ। এ তিন দাবির বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন, কথা দিয়েছেন অতিসত্ত্বর তিন দাবি বাস্তবায়িত হবে।

কিশোরগঞ্জের জেলা আওয়ামী লীগ উদ্যোগে পালিত হয়েছে জেল হত্যা দিবস। শহীদ সৈয়দ নজরুল ইসলামসহ জাতীয় চার নেতাকে হত্যায় জড়িতদের বিচারের রায় কার্যকরের দাবি জানিয়ে কিশোরগঞ্জে জাতীয় চার নেতাকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়েছে। বিকালে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক এম এ আফজল, কৃষকলীগের সভাপতি আহমেদ উল্লাহ, মহিলা আওয়ামী লীগ সভাপতি দিলারা বেগম আছমা, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রামে জাতীয় চার নেতাকে জেলে হত্যাকাণ্ডেরর ঘটনাটি মধ্যযুগীয় বর্বরতার কলঙ্ককেও হার মানিয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনসহ জেলা ও মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা