প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩ ২১:২৯ পিএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৩ ২১:৪১ পিএম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণে আসছে কমনওয়েলথের প্রতিনিধিদল। তারা নির্বাচন পর্যবেক্ষণে পর্যবেক্ষক পাঠাতে পারে বলেও আশা করা হচ্ছে।
শুক্রবার (৩ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গণমাধ্যমকে বলেন, ’নভেম্বরের তৃতীয় সপ্তাহে কমনওয়েলথের একটা প্রি-অ্যাসেসমেন্ট টিম পাঠানোর আগ্রহ প্রকাশ করে আমার সঙ্গে কথা বলেছেন তাদের পরিচালক (ইলেকশন মনিটরিং)। এই মর্মে একটি বার্তাও পাঠানো হয়েছে।’
গত সপ্তাহের শুরুতে কমনওয়েলথের এই চিঠির জবাবও দিয়েছেন সিইসি। তিনি বলেন, ’আমরা আশা করছি প্রি-অ্যাসেসমেন্ট টিম পরিস্থিতি পর্যবেক্ষণ করে যাওয়ার পর নির্বাচনের সময়ও তাদের একটা দল আসবে।’
দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যক্তিগত ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী বিদেশি পর্যবেক্ষকদের আবেদন চেয়েছে নির্বাচন কমিশন। ২১ নভেম্বরের মধ্যে আন্তর্জাতিক পর্যবেক্ষক ও সংবাদমাধ্যমকে আবেদন জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
ঢাকায় বিভিন্ন দেশের দূতাবাস ও হাইকমিশনের কাছে আবেদন আহ্বানের বিষয়টি অবহিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ইতোমধ্যে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।