টাইম ম্যাগাজিনের প্রতিবেদন
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩ ০১:১০ এএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৩ ১০:৩৯ এএম
বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন শেখ হাসিনাকে নিয়ে প্রচ্ছদ প্রতিবেদন করেছে। ছবি : সংগৃহীত
বঙ্গবন্ধুকন্যা প্রভাবশালী রাজনীতিক শেখ হাসিনা বলেছেন, ‘গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে আমাকে উৎখাত করা এত সহজ নয়। একমাত্র বিকল্প হলো আমাকে নির্মূল করা। আর আমি আমার মানুষের জন্য মরতে প্রস্তুত।’
গেল সেপ্টেম্বরে এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনকে এসব কথা বলেছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে প্রচ্ছদ প্রতিবেদন প্রকাশ করেছে ম্যাগাজিনটি।
টাইম ম্যাগাজিন লিখেছে, সত্তরোর্ধ্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৭ কোটি মানুষের বাংলাদেশ স্বল্পোন্নত পাট উৎপাদনকারী থেকে এশিয়া-প্যাসিফিকের দ্রুততম প্রসারণশীল অর্থনীতির দেশে পরিণত হয়েছে।
২০০৯ সালে ক্ষমতায় আসার আগে ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত রাষ্ট্রের শাসনভার ছিল তার হাতে। বর্তমানে তিনিই বিশ্বের সবচেয়ে দীর্ঘকালীন নারী সরকারপ্রধান। ইতোমধ্যে তিনি মার্গারেট থ্যাচার বা ইন্দিরা গান্ধীর চেয়ে বেশিবার নির্বাচনে জয়ী হওয়ার গৌরব অর্জন করেছেন। এরই ধারাবাহিকতায় তিনি আসছে জানুয়ারির ব্যালট বাক্সের লড়াইয়ে জেতার ব্যাপারেও দৃঢ়প্রতিজ্ঞ। শেখ হাসিনা টাইমকে বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে আমার জনগণ আমার সঙ্গে আছে।’
বিগত বছরগুলোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৯ বার গুপ্তহত্যার চেষ্টা হয়েছে বলে উল্লেখ করেছে টাইম ম্যাগাজিন। প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক মাসগুলোয় প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সমর্থকরা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে; এসব ঘটনায় গ্রেপ্তার শতাধিক।
পুলিশের যানবাহন এবং বাসেও আগুন দেওয়া হয়েছে। এসব ঘটনায় প্রাণ গেছে কয়েকজনের। বিএনপি ২০১৪ এবং ২০১৮ উভয় ক্ষেত্রেই নির্বাচন বয়কট করার কথা জানিয়েছে। তাদের দাবি, শেখ হাসিনা যেন নির্বাচন পরিচালনার জন্য তত্ত্বাবধায়ক সরকারে ক্ষমতা হস্তান্তর করেন।