প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩ ২৩:০৩ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৩ ২৩:১৩ পিএম
প্রথমবারের মতো ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার উদ্যোগ নিয়েছে সরকার। এ রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। নিবন্ধিত হতে শিক্ষার্থীর বয়স ৯ বছরের বেশি হতে হবে।
বুধবার (১ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ড অধ্যাপক মোহাম্মদ আবুল মনছুর ভূঞাঁ স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ষষ্ঠ শ্রেণিতে নিবন্ধিত হতে শিক্ষার্থীর বয়স ৯ বছরের বেশি হতে হবে। শিক্ষানীতি অনুযায়ী ৯ বছর পূর্ণ না হলে বা ১৫ বছরের বেশি বয়সের কেউ ষষ্ঠ শ্রেণিতে রেজিস্ট্রেশন করতে পারবে না। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সসীমা হবে সবোর্চ্চ ২০ বছর। রেজিস্ট্রেশন করতে শিক্ষার্থী প্রতি ৫৮ টাকা ফি দিতে হবে। রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে হবে সোনালী সেবার মাধ্যমে।
ঢাকা শিক্ষা বোর্ড জানায়, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের অংশ হিসেবে ষষ্ঠ শ্রেণিতে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। এর মাধ্যমে মাধ্যমিকের এন্ট্রি শ্রেণিটির শিক্ষার্থীদের তথ্য শিক্ষা বোর্ডগুলো কাছে থাকবে। অষ্টম ও নবমে রেজিস্ট্রেশনের সময় এ রেজিস্ট্রেশনের তথ্যও ব্যবহার করা হবে।
শিক্ষাবোর্ড আরও জানায়, শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের তথ্য আপলোড করার জন্য স্ব-স্ব প্রতিষ্ঠানের শিক্ষকদের সমন্বয়ে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করতে হবে। অনলাইনে রেজিস্ট্রেশন হওয়ার পর চূড়ান্ত তালিকা ফাইনাল সাবমিটের আগে কমিটির সদস্যরা ভর্তি ফরম ও সনদের সঙ্গে মিলিয়ে নিশ্চিত করবেন। নিশ্চিত হওয়ার পর ফাইনাল সাবমিট দিতে হবে। চূড়ান্ত তালিকা প্রিন্ট করে প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে। শিক্ষার্থীর তথ্যে ভুল হলে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।