প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩ ১৫:৪১ পিএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৩ ১৬:০১ পিএম
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ছবি : সংগৃহীত
সব পক্ষকে শর্তহীন সংলাপে বসার আহ্বান জানিয়েছে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস।
দ্বাদশ জাতীয় সংসদ নিবর্বাচনকে সামনে রেখে মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, ‘আমরা নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী স্বচ্ছতা ও জবাবদিহিতা চাই।’
তিনি বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করা রাজনৈতিক দল, সরকার, ভোটার, আইনশৃঙ্খলা বাহিনী, সুশীল সমাজ, গণমাধ্যম এবং অবশ্যই নির্বাচন কমিশনের দায়িত্ব। গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে অবমূল্যায়ন করে এমন যেকোনো প্রতিক্রিয়া; ভোটাধিকার প্রয়োগ, শান্তিপূর্ণ সমাবেশ, ইন্টারনেট ব্যবহারে বাধা প্রদান, সহিংসতা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে।’
রাজপথের প্রধান বিরোধী দল বিএনপির সঙ্গে সংলাপে বসতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে এক্ষেত্রে তাদের চাওয়া হলো কোনো শর্ত দিয়ে সংলাপ হবে না। অন্য দিকে তত্ত্বাবধায়ক সরকারসহ বেশকিছু শর্ত পূরণ না হলে সংলাপে বসতে রাজি নয় বিএনপি। এ অবস্থায় দিন দিন রাজনৈতিক সংকট প্রকট আকার ধারণ করছে।
পিটার হাস বলেন, ‘যেকোনো পক্ষের রাজনৈতিক সহিংসতা গণতান্ত্রিক নির্বাচনে কোনো স্থান নেই। আমি আশা করি, সবপক্ষ শর্তহীনভাবে সংলাপে বসে সামনে দিকে এগোবে এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পথ খুঁজে নেবে।’
বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার ( সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানান, পরিবেশ যাই থাকুক নির্ধারিত সময় ও পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।