প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩ ২০:০২ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৩ ২০:০৭ পিএম
সংসদ ভবন। ফাইল ছবি
ব্রিকস দেশসমূহের (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা) উদ্যোগে গঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য হতে জাতীয় সংসদে একটি বিল উপস্থাপন করা হয়েছে। ব্যাংকটির সদস্য হলে ডলার ছাড়াও অন্য মুদ্রায় ঋণ পাওয়া যাবে এবং ব্যাংকটি বাংলাদেশকে ঋণ দিতে রাজি হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
সোমবার (২৩ অক্টোবর) জাতীয় সংসদে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বিল-২০২৩ উপস্থাপন করে আইনমন্ত্রী এ কথা জানান।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পক্ষে আইনমন্ত্রী এ বিলটি তোলেন। পরে বিলটি পরীক্ষা করে ৭ দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
আনিসুল হক বলেন, এ ব্যাংকটি ব্রিকস গোষ্ঠী থেকে করা হচ্ছে। এটা হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এবং এ ব্যাংকে যারা সদস্য হবেন তারা এ ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন। আমরা যেটা করছি এ ব্যাংক আইনটা করার সঙ্গে সঙ্গে সেখান থেকে এরই মধ্যে আমাদের প্রস্তাব অনুযায়ী তারা আমাদের অর্থাৎ বাংলাদেশকে ঋণ দেওয়ার জন্য প্রস্তুত আছে। এ আইনটা করার পরই আমরা সেই চুক্তিতে সদস্য হব এবং সদস্য হওয়ার পরই সেই ঋণটা নিতে পারব। সেই জন্যই এ আইনটা পাস করা অত্যন্ত জরুরি, সেজন্যই এ বিলটি আনা হয়েছে। এ ব্যাংক থেকে যে ঋণ দেওয়া হবে সেটা শুধু ডলারে দেওয়া হবে না। স্টালিং পাউন্ড, ইউরো, ডলার, রুবল, ইউয়ান যেকোনো কারেন্সিতে দিতে পারবে। সেই জন্য আমার মনে হয় এটা অত্যাধুনিক একটা ব্যাংক হচ্ছে।
তিনি বলেন, এ ব্যাংকের প্রেসিডেন্ট ব্রাজিলের। তিনি আগে ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন। এটা বহুজাতিক ব্যাংক, সেই জন্যই এ আইনটা অত্যন্ত প্রয়োজন। ব্যাংকটির নতুন যাত্রার সঙ্গেই যেন আমরা থাকতে পারি এবং সুবিধাগুলো যেন আমরা পাই। সুবিধা পাওয়ার রাস্তাটাও পরিষ্কার হয়ে গেছে।