× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত

নিম্নচাপটি আজই হবে ঘূর্ণিঝড়, ক্ষতির শঙ্কা কেমন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩ ১৪:৪৭ পিএম

আপডেট : ২৩ অক্টোবর ২০২৩ ১৮:০০ পিএম

নিম্নচাপটি আজই হবে ঘূর্ণিঝড়, ক্ষতির শঙ্কা কেমন

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তার কাছাকাছি এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি সামান্য উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি সোমবার (২৩ অক্টোবর) বিকাল ৫-৬টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে– এমন আশঙ্কা করছেন ভারত ও বাংলাদেশের আবহাওয়াবিদরা। এজন্য দেশের চার সমুদ্রবন্দরকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিন নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে ঘূর্ণিঝড়টি তেমন ভয়ংকর হবে না বলেও আশ্বস্ত করেছেন সংশ্লিষ্টরা।

আবহাওয়া অধিদপ্তরের ষষ্ঠ বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গভীর নিম্নচাপটি সোমবার দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৫৫ কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭১০ কিলোমিটার, মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৩০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘’গভীর নিম্নচাপটি আজ সন্ধ্যা ৬টা নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এটির নাম হবে ‘হানুম’। তবে এটির আঘাত তেমন ভয়ংকর হবে না।’’

আবহাওয়া অধিদপ্তর জানায়, গভীর নিম্নচাপটি কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ৫০ কিলোমিটার। যা দমকা বা ঝোড়ো হাওয়া আকারে সর্বোচ্চ ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে। এজন্য দেশের চারটি সমুদ্রবন্দরকে এক নম্বর সতর্কসংকেত নামিয়ে তিন নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তা ছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাফেরা করতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের সোমবার সকাল ৯টা থেকে পবরর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক জায়গায়, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। তা ছাড়া দেশের দক্ষিণাঞ্চলে হালকা থেকে মাঝারি, অথবা মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।

এ প্রসঙ্গে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের তথ্য উল্লেখ করে বলেন, ‘গভীর নিম্নচাপটি সোমবার বিকাল ৫টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড় অবস্থায় প্রায় ১৮ ঘণ্টা সাগরে অবস্থান করবে। তা ছাড়া মঙ্গলবার দুপুর ১২টার পর ঘূর্ণিঝড়টি আবার গভীর নিম্নচাপে পরিণত হবে। ২৯ অক্টোবর বাংলাদেশে পূর্ণিমা থাকতে পারে। সে হিসাবে কোথাও কোথাও ৪-৭ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের শঙ্কা রয়েছে।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা