দাবি মার্কিন দূতাবাসের
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩ ০০:০২ এএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৩ ১১:২৯ এএম
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে সচিবালয়ে সৌজন্য বৈঠকের সময় ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস ‘সড়ক বন্ধ’ ইস্যুতে আলোচনা করেননি।
রবিবার (২২ অক্টোবর) সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় এ দাবি করেছে ঢাকার মার্কিন দূতাবাস।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামন খাঁন কামাল সংবাদমাধ্যমকে জানান, রাষ্ট্রদূত পিটার হাস তার কাছ থেকে জানতে চেয়েছেন ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন সরকার ঢাকার প্রবেশপথ বন্ধ করে দেবে কি না। জবাবে মন্ত্রী তাকে আশ্বস্ত করেছেন শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো বাধা দেবে না সরকার। বিরোধী দল যেন সড়ক অবরোধ করে না বসে, সেই অনুরোধও তিনি করেছেন।
একজন রাষ্ট্রদূত বিশেষ কোনো দলের কর্মসূচি সম্পর্কে এভাবে জানতে পারেন কি না, এ ক্ষেত্রে কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘিত হয়েছে কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনাদের কাছেই আমি সেই প্রশ্ন রাখছি। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে।
এর পরিপ্রেক্ষিতেই সংবাদমাধ্যমে ওই বার্তা পাঠায় মার্কিন দূতাবাস। এতে বলা হয়, বৈঠকে রাজনৈতিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণ সমাবেশ এবং হস্তক্ষেপমুক্ত অংশগ্রহণের গুরুত্বের কথা তুলে ধরেছেন রাষ্ট্রদূত পিটার হাস। ২৮ অক্টোবর সড়ক বন্ধ করা নিয়ে কোনো আলোচনা হয়নি।