প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩ ২০:৫৯ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৩ ২১:৩৮ পিএম
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তার কাছাকাছি মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে– এমন আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এটির নাম হবে ‘হামুন’।
আবহাওয়া অধিদপ্তর জানায়, নিম্নচাপটি পায়রা সমুদ্রবন্দর থেকে ৯০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৯১০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯৭৫ কিলোমিটার এবং চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। এটির কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ৪০ কিলোমিটার; যা দমকা বা ঝোড়ো হাওয়া আকারে সর্বোচ্চ ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এজন্য দেশের চারটি সমুদ্রবন্দরকে এক নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এ প্রসঙ্গে আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবির প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘নিম্নচাপটি আরও শক্তি সঞ্চয় করে অগ্রসর হতে পারে। এটি বর্তমানে বাংলাদেশের অনুকূলে অবস্থান করছে।’
নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে কি না– প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সোমবার সকালে বোঝা যাবে পরিস্থিতি কী দাঁড়ায়।’
এদিকে রবিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক জায়গায়, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং দুয়েক জায়গায় অস্থায়ী বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। তা ছাড়া দেশের দক্ষিণাঞ্চলে হালকা, মাঝারি, মাঝারি ধরনের ভারী বা ভারী বৃষ্টি হতে পারে।
নিম্নচাপটি নিয়ে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, গভীর নিম্নচাপটি যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তাহলে এর নাম হবে ‘হামুন’। এটি ২৫ অক্টোবর দুপুরের পর থেকে ২৬ অক্টোবর দুপুরের মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের মাঝামাঝি এলাকার উপকূলের ওপর দিয়ে স্থলভাগ অতিক্রম করতে পারে।