কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩ ১৮:৫৫ পিএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৩ ২০:৩১ পিএম
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার। প্রবা ফটো
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেছেন
বাংলাদেশে সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও
মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার। বৈঠকে বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে একমত হয়েছে ঢাকা ও ওয়াশিংটন।
সোমবার (১৬ অক্টোবর) দুপুরে
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বৈঠকের বিষয়ে বিকালে বিবৃতি দেয় ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস।
এতে বলা হয়, আফরিন আক্তারের
সঙ্গে পররাষ্ট্র সচিবের বৈঠকে নির্বাচনের বিষয় গুরুত্ব পেয়েছে। উভয়
দেশের বহুমুখী দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার
প্রত্যয় ব্যক্ত করা হয়।
এ ছাড়া আলোচনায় প্রাধান্য পেয়েছে
মার্কিন প্রত্যক্ষ বিনিয়োগ ও বাণিজ্য, দীর্ঘস্থায়ী উন্নয়ন
অংশীদারত্ব, মধ্যপ্রাচ্য,
রোহিঙ্গা শরণার্থীদের সমর্থন এবং সরকারি প্রচেষ্টা নিশ্চিত
করা। বৈঠকে বাংলাদেশের মানুষের অবাধ, সুষ্ঠু
ও শান্তিপূর্ণ নির্বাচনে ভোট দেওয়ার বিষয়টি গুরুত্ব পায়।
সোমবার তিন দিনের সফরে ঢাকায় এসেছেন মার্কিন পররাষ্ট্র
মন্ত্রণালয়ের এই কর্মকর্তা। মঙ্গলবার রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন ও সুশীল
সমাজের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।
তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক
ব্যুরোতে বাংলাদেশ,
ভুটান, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের সঙ্গে
সম্পর্ক দেখভাল করেন। এ ছাড়া নিরাপত্তা ও
আন্তঃদেশীয়-বিষয়ক দপ্তরেরও ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন
করছেন।