প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩ ২২:০১ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৩ ২২:১০ পিএম
ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাওয়ার পর আদিলুর ও নাসির। সংগৃহীত ছবি
মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এএসএম নাসির উদ্দিন এলান কারামুক্ত হয়েছেন।
রবিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৪ মিনিটে তারা কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পান।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) সুভাষ কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বিকাল ৫টার দিকে আদিলুর ও নাসিরের জামিন আদেশ কারাগারে পৌঁছায়। তারপর আইনি প্রক্রিয়া শুরু হয়। সন্ধ্যা ৭টা ৪ মিনিটের দিকে তারা মুক্তি পেয়ে কারাগার থেকে বের হয়ে যান।’
এক দশক আগে করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের (আইসিটি) ৫৭ ধারার মামলায় গত ১৪ সেপ্টেম্বর আদিলুর ও নাসিরকে দুই বছর করে কারাদণ্ড দেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। ওই সময় তাদের কারাগারে পাঠানো হয়।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় জেল-জরিমানার রায়ের বিরুদ্ধে মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এএসএম নাসির উদ্দিনের করা আপিল ১০ অক্টোবর শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। একই সঙ্গে জরিমানা স্থগিত করে তাদের জামিন মঞ্জুর করেছেন আদালত।
বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের হাইকোর্ট বেঞ্চ ওই দিন এ আদেশ দেন। ওই মামলায় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আদিলুর ও নাসিরের করা আপিলের গ্রহণযোগ্যতার ওপর শুনানি নিয়ে এ আদেশ দেওয়া হয়। এর আগে ৭ অক্টোবর আদিলুর ও নাসিরের সাজা বাড়ানোর জন্য হাইকোর্টে আপিল করে রাষ্ট্রপক্ষ।
২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশস্থল থেকে রাত্রিযাপনের ঘোষণা দেওয়া হলে তাদের সরিয়ে দিতে যৌথ অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তখন হেফাজতে ইসলামের ৬১ জন নেতাকর্মী নিহত হয়েছিলেন বলে দাবি ও প্রচার করে অধিকার। এ ঘটনায় ওই বছরের ১০ আগস্ট গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন ডিবির তৎকালীন উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম। ওই ডায়েরি পরে মামলা হিসেবে রূপান্তরিত হয়। তদন্ত শেষে ওই বছরের ৪ সেপ্টেম্বর ঢাকার আদালতে আদিলুর ও এলানের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়। এতে ৩২ জনকে সাক্ষী করা হয়।