প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩ ২১:১৫ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৩ ২১:৪০ পিএম
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ডিবেট ফর ডেমোক্র্যাসির যৌথ আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। প্রবা ফটো
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, অসাধু
ব্যবসায়ীদের কিছু কৌশল আছে,
যা প্রায়ই পণ্যমূল্য বাড়িয়ে দেয়। পণ্য পরিবহনে পথে পথে
চাঁদাবাজি থাকলেও আগের চেয়ে কম। পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজনীয় পণ্য
দ্রুত আমদানি করতে হবে। চাহিদা মোতাবেক পণ্য আমদানিতে আমলাতন্ত্রিকতা করা যাবে না।
ডিম আমদানির ঘোষণা এসেছিল বহু আগে। কিন্তু এখনও আমদানিকৃত ডিম বাজারে আসেনি। টিসিবিকে
জীবিত রেখে শক্তিশালী করার মাধ্যমে বাজার পরিস্থিতি সামাল দিতে হবে। এ ছাড়া
প্রয়োজনীয় পণ্য সরকারিভাবে মজুদ ও উৎপাদন বাড়িয়ে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে
রাখতে হবে।
শনিবার (১৪ অক্টোবর) ঢাকায়
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে
কৃষিজ পণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সদিচ্ছা নিয়ে এক ছায়া সংসদ বিতর্ক
প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা
বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের নবীন অর্থনীতি, চঞ্চল অর্থনীতি। প্রতিনিয়তই ভোক্তা বাড়ছে। পণ্যের জোগান
সুনির্দিষ্ট কিন্তু চাহিদা ক্রমবর্ধমান, যার ফলে মাঝেমধ্যেই বাজার অস্থির ও অনিয়ন্ত্রিত হয়ে পড়ে।
সিন্ডিকেট বলে কোনো সংস্থা বা গোষ্ঠী নেই। তবে অসাধু ব্যবসায়ীদের কিছু কৌশল আছে, যা প্রায়ই পণ্যমূল্য বাড়িয়ে দেয়। আগামী জাতীয় নির্বাচনের সময়ে চা, চিনিসহ আরও কিছু পণ্যের চাহিদা বাড়ায় দ্রব্যের মূল্য বৃদ্ধিতে কিছুটা প্রভাব পড়তে পারে। তবে
তা নিয়ন্ত্রণযোগ্য।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ডিবেট ফর ডেমোক্র্যাসির যৌথ আয়োজনে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্র্যাসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
কৃষিজ পণ্যের দাম নিয়ন্ত্রণে বেসরকারি খাতের সদিচ্ছা শীর্ষক ছায়া সংসদে ঢাকা মেডিকেল কলেজের বিতার্কিকদের পরাজিত করে ইডেন কলেজের বিতার্কিকরা বিজয়ী হন। প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, সাংবাদিক মাঈনুল আলম, সাংবাদিক দৌলত আক্তার মালা ও সাংবাদিক কাবেরী মৈত্রেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে ট্রফি ও সনদপত্র প্রদান করা হয়।