প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২২ ২০:০১ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২২ ২০:১৯ পিএম
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসাধীন এক শিশু। ছবি : প্রবা
একদিনে সাতজনের মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ১০৬ জনে পৌঁছেছে। এর আগে গত ১৩ অক্টোবর একদিনে সর্বোচ্চ আটজনের মৃত্যু হয়, যা চলতি বছর এ পর্যন্ত একদিনে সর্বাধিক। তাদের সবাই ঢাকায় মারা যান। ঢাকার স্কয়ার হাসপাতালে পাঁচজন, বাংলাদেশ শিশু হাসপাতাল ও শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে একজন করে রোগীর মৃত্যু হয়। গতকাল বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার এই চিত্র স্বাস্থ্য অধিদপ্তরের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর জানুয়ারিতে সারা দেশে ডেঙ্গুতে ১২৬ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। ফেব্রুয়ারি ও মার্চে ২০ জন করে, এপ্রিলে ২৩ জন, মে মাসে ১৬৩ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। জুনে আক্রান্ত হয় ৭৩৭ জন এবং মৃত্যু হয় একজনের। জুলাইয়ে ১৫৭১ জন আক্রান্ত এবং ৯ জনের মৃত্যু হয়। আগস্টে ৩৫২১ জন আক্রান্ত এবং ১১ জনের মৃত্যু হয়। সেপ্টেম্বরে ৯৯১১ জন আক্রান্ত এবং ৩৪ জনের মৃত্যু হয়। আর চলতি অক্টোবরের ১৯ দিনে আক্রান্ত হয় ১১ হাজার ৭১০ জন এবং মৃত্যু হয় ৫১ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৮৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৫৬৫ জন এবং ঢাকার বাইরে ২৯৯ জন। সব মিলিয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হলো ২৭ হাজার ৮০২ জন। তাদের মধ্যে ২৪ হাজার ৩৯২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আর সারা দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ৩৩০৪ জন রোগী। ঢাকার ৫২টি সরকারি-বেসরকারি হাসপাতালে ২২৪৭ জন এবং অন্যান্য বিভাগে ১৫৭ জন ভর্তি আছে। রাজধানী ছাড়া ঢাকা বিভাগের অন্যান্য স্থানে ২১৪ জন, ময়মনসিংহ বিভাগে ৪৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৮৫ জন, খুলনা বিভাগে ১৯৪ জন, রাজশাহী বিভাগে ১৫০ জন, রংপুর বিভাগে ৭ জন, বরিশালে ১৪৯ জন এবং সিলেট বিভাগে ১১ জন হাসপাতালে ভর্তি আছে।
প্রবা/টিকে/টিই