প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩ ১৮:৫১ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৩ ১৯:৪১ পিএম
পুলিশের বিভিন্ন ইউনিট থেকে পরিদর্শক পদমর্যাদার ৬০ কর্মকর্তা ‘কোর্স অন স্মার্ট পুলিশিং’ শীর্ষক প্রশিক্ষণে অংশ নিয়েছেন। পুলিশ স্টাফ কলেজে দুই সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ স্টাফ কলেজের রেক্টর অতিরিক্ত আইজিপি ড. মল্লিক ফখরুল ইসলাম বলেন, ‘প্রশিক্ষণে অর্জিত জ্ঞান প্রয়োগের মাধ্যমে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বৈশ্বিক পুলিশের মতো অপরাধ ব্যবস্থাপনা, জননিরাপত্তা নিশ্চিতকরণসহ তথ্যপ্রযুক্তিনির্ভর পুলিশিং কার্যক্রমে পরিচালনায় সক্ষম হবে। এর সঙ্গে সঙ্গে পুলিশ ও জনগণের মধ্যে মিথষ্ক্রিয়া অধিকতর বৃদ্ধি হবে।’
বাংলাদেশ পুলিশ আন্তর্জাতিক মানের পুলিশি সেবা প্রদানে সক্ষম হবে উল্লেখ করে তিনি বলেন, ‘স্মার্ট পুলিশিং চর্চার মাধ্যমে একটি উন্নত, সমৃদ্ধ এবং সেবাদানকারী সংস্থা হিসেবে বাংলাদেশ পুলিশ সরকার ঘোষিত রূপকল্প-২০৪১ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
বিশেষ অতিথির বক্তব্যে এসডিএস (এঅ্যান্ডআর) ড. এএসএম মাসুম রাব্বানী বলেন, পুলিশের কাজে বহুমাত্রিক চ্যালেঞ্জ বিদ্যমান। এটি মোকাবিলার জন্য প্রয়োজন স্মার্ট জনবল এবং প্রযুক্তি ও পুলিশের সমন্বয়।
পুলিশ স্টাফ কলেজের ভাইস রেক্টর মো. রেজাউল হক বলেন, অধুনা বিশ্বের পুলিশিং কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সমস্যার প্রকৃতি বিশ্লেষণ করে প্রতিকার ও প্রতিরোধের ব্যবস্থা করা সম্ভব। বিশ্বজুড়ে স্মার্ট পুলিশিং-এর উত্তম চর্চাসমূহ থেকে বাংলাদেশ পুলিশ অনুপ্রেরণা পেতে পারে বলে তিনি মতপ্রকাশ করেন।