× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষা ২৪ নভেম্বর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩ ২০:২৬ পিএম

আপডেট : ১২ অক্টোবর ২০২৩ ২০:৫৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে প্রথম ধাপের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৪ নভেম্বর। এই ধাপে পরীক্ষায় অংশ নেবে বরিশাল, সিলেট, রংপুর বিভাগের পরীক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) মনীষ চাকমার সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ওই দিন সকাল ১০টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এজন্য পরীক্ষার্থীদের প্রস্তুতি নিতে বলা হয়েছে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। দ্বিতীয় ধাপে ২৩ মার্চ ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য ১৮ জুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এবারই প্রথম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বিভাগ ধরে নিয়োগ দেওয়া হচ্ছে। গুচ্ছভিত্তিক এ নিয়োগে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পরীক্ষাও আলাদাভাবে নেওয়া হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার পর অর্থ জটিলতার কারণে আটকে ছিল নিয়োগ পরীক্ষা। সম্প্রতি তা সমাধান হওয়ায় এই নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

ডিপিই সূত্র বলছে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে খাতা মূল্যায়ন ও ফল ব্যবস্থাপনা বাবদ অর্থ প্রদানে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন এত দিন আটকে ছিল। এ কারণে এত দিন নিয়োগ পরীক্ষা আয়োজন করা সম্ভব হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘সর্বশেষ প্রাথমিক নিয়োগে সাড়ে ১১ লাখ চাকরিপ্রার্থী আবেদন করেছে। এত সংখ্যক চাকরিপ্রার্থীর নিয়োগ পরীক্ষার খাতা মূল্যায়ন ও ব্যবস্থাপনার সক্ষমতা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নেই। এজন্য বুয়েটকে নিয়োগ কার্যক্রমে যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে যেহেতু অর্থ ব্যয় হবে এজন্য অর্থ মন্ত্রণালয়ের সম্মতি চাওয়া হয়েছে।‘

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, তিন ধাপে সহকারী শিক্ষক পদে আবেদন করেছে ১১ লাখ ৪৯ হাজার ৪৩১ জন চাকরিপ্রার্থী। এর মধ্যে প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগে আবেদন করেছে ৩ লাখ ৬০ হাজার ৭০০ জন। দ্বিতীয় ধাপে ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগে আবেদন করেছে ৪ লাখ ৩৯ হাজার ৪৩৮ জন। তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে আবেদন করেছে ৩ লাখ ৪৯ হাজার ৪৩৮ জন।

ডিপিই সূত্র জানায়, এখন পর্যন্ত নিয়োগের জন্য আট বিভাগের অনুমোদিত শূন্যপদের সংখ্যা ৭ হাজার ৪৬৩। এর মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে, ১ হাজার ৩৬৫ আর সবচেয়ে কম সিলেট বিভাগে, ৪১১টি। এ ছাড়া বরিশালে ৮৭১, রংপুরে ৯৮৮, খুলনায় ৯৪০, ময়মনসিংহে ৫৯৯, রাজশাহীতে ১ হাজার ৫৮ এবং চট্টগ্রামে ১ হাজার ২৩১টি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা